৩১৪ কিলোমিটার দূর থেকে অব্যর্থ নিশানা পাক বিমানে! সিঁদুর পর্বে পাকিস্তানের ঘুম ওড়ায় ‘সুদর্শন চক্র’, রিপোর্ট প্রকাশ কেন্দ্রের


৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি নজরদারি বিমানকে ধ্বংস করেছিল ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর মাধ্যমে এই সাফল্য আসে বলে প্রতিরক্ষা মন্ত্রকের ২০২৫-২৬ সালের বার্ষিক রিপোর্টে দাবি করা হয়েছে। এত দূরত্ব থেকে ভূমি থেকে আকাশে নিশানা করে আঘাত হানার ক্ষেত্রে এটিকেই এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘপাল্লার সফল অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের ৩২৪ পাতার বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর একাধিক সাফল্যের পাশাপাশি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার কথাও তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এস-৪০০-এর একটি ইউনিট ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি ‘স্পেশাল মিশন এয়ারক্র্যাফ্ট’-কে লক্ষ্য করে সফল ভাবে আঘাত হানে।
প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়েছে, এই অভিযানের সাফল্য পাকিস্তানের প্রচলিত নিরাপত্তা-ধারণাকে বড় ধাক্কা দিয়েছিল। শত্রুপক্ষকে বার্তা দেওয়া হয়েছিল, দূরত্ব বজায় রাখলেই ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়ানো সম্ভব নয়।
রিপোর্টে আরও বলা হয়েছে, এই সাফল্য ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। স্থলভাগের পাশাপাশি আকাশপথেও দীর্ঘ দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে আঘাত হানার ক্ষমতা রয়েছে ভারতের—অপারেশন সিঁদুরে এস-৪০০-এর ব্যবহার সেই সক্ষমতাই সামনে এনেছে।
প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এস-৪০০-এর এই সাফল্য শত্রুপক্ষকে কার্যত বুঝিয়ে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষেত্রে দূরত্বও আর নিরাপত্তার নিশ্চয়তা নয়। স্থল হোক বা আকাশ—ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে।

Post a Comment

Previous Post Next Post