তিরন্দাজিতে ইতিহাস গড়লেন ভারতের ধীরজ বোম্মাদেরাভা। পুরুষদের রিকার্ভ বিভাগে বিশ্বকাপে সোনা জিতে নতুন নজির গড়লেন ২৫ বছরের এই ভারতীয় তিরন্দাজ। ফাইনালে জাপানের জুনিয়া নাকানিশিকে হারিয়ে সোনা জিতে নিলেন তিনি।
বিশ্বের ১০ নম্বর তিরন্দাজ ধীরজের সঙ্গে ফাইনালে ২০ নম্বরে থাকা নাকানিশির হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত ১০ রাউন্ড শেষে দু’জনের স্কোর ছিল ৫-৫। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় শুট-অফে।
সেখানেই বাজিমাত করেন ধীরজ। শুট-অফে ১০-৯ ব্যবধানে নাকানিশিকে হারিয়ে ৬-৫ ফলে ম্যাচ জিতে নেন ভারতীয় তিরন্দাজ। সেই সঙ্গে পুরুষদের রিকার্ভ বিভাগে বিশ্বকাপে সোনাজয়ী প্রথম ভারতীয় হিসাবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেন তিনি।
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের পুরুষদের রিকার্ভ বিভাগে পদক পেল ভারত। এর আগে ২০২৩ এবং ২০২৪ সালেও বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ধীরজ। কিন্তু দু’বারই পদক ছাড়াই ফিরতে হয়েছিল তাঁকে। এবার আর খালি হাতে ফিরতে হল না। বরং দেশের হয়ে ঐতিহাসিক সোনা জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করলেন ধীরজ।