পুজোর আগেই কি বাসভাড়ার ধাক্কা? আপাতত না। তবে পুজো মিটলেই রাজ্যে বাসভাড়া বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ও বেসরকারি বাসের পাশাপাশি দূরপাল্লার বাসের ভাড়াও বাড়ানো হতে পারে বলে বড় ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকের পরই ভাড়াবৃদ্ধি নিয়ে এমন বার্তা দিয়েছেন তিনি।
বৈঠক শেষে অর্জুন বলেন, পুজোর আগে বাসভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে পুজোর পর বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বাসভাড়া বাড়েনি। ফলে বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
পরিবহণমন্ত্রীর কথায়, ২০১৮ সাল থেকে বাসের ভাড়া একই রয়েছে। তাঁর যুক্তি, দিনের পর দিন ভাড়া না বাড়িয়ে বাস পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে রাস্তায় আরও বেশি বাস চলাচল করতে পারে। একইসঙ্গে ভাড়া বাড়ানোর পাশাপাশি বেসরকারি বাসের পরিষেবার মানও উন্নত করতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি।
কত হতে পারে ন্যূনতম ভাড়া?
২০১৮ সালে শেষবার সরকারি ভাবে বাসভাড়ার তালিকা পরিবর্তন করা হয়েছিল। সেই সময় সাধারণ বাসে সর্বনিম্ন ভাড়া ছিল ৭ টাকা। তবে কোভিড পর্ব থেকে কার্যত সেই ভাড়া বেড়ে ১০ টাকা হয়েছে। যদিও ১০ টাকা ন্যূনতম ভাড়া করার বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই। ফলে এবার সরকারিভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে ন্যূনতম ভাড়া কত হবে, তা নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল যাত্রীদের।
তবে এখনও পর্যন্ত নতুন ভাড়ার কোনও নির্দিষ্ট অঙ্ক ঘোষণা করা হয়নি। পুজোর পর আলোচনা ও সিদ্ধান্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।
টোল নিয়েও বড় সিদ্ধান্তের ইঙ্গিত
এদিনের বৈঠকে বাসমালিকদের আরও কয়েকটি সমস্যার বিষয়েও আলোচনা হয়। বিভিন্ন টোল প্লাজায় একই জেলার মধ্যে ভিন্ন হারে টোল নেওয়ার অভিযোগ তুলেছিলেন বাসমালিকরা। এই সমস্যা মেটাতে সমস্ত টোল প্লাজার জন্য নির্দিষ্ট রেট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ছ’দিনের সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওড়িশার ধাঁচে নিয়ম চালুর কথাও জানিয়েছেন তিনি।
মূল রাস্তায় টোটো চলাচল বন্ধের বার্তা
টোটো নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, মূল রাস্তায় টোটো চলাচল বন্ধ করা হবে। টোটো চলাচলের ক্ষেত্রে একটি অভিন্ন নিয়ম বা ‘ইউনিফর্ম’ ব্যবস্থা তৈরি করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বাসমালিকদের নাইট পার্কিং সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে বলে বৈঠকের পর জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে যাঁদের বাসের ট্যাক্স বকেয়া রয়েছে, তাঁদের পেনাল্টির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী।
সব মিলিয়ে পুজোর আগে বাসভাড়া না বাড়লেও উৎসব মিটলেই ভাড়াবৃদ্ধি নিয়ে রাজ্য সরকার যে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে, এদিনের বৈঠকের পর সেই সম্ভাবনাই আরও জোরালো হয়েছে।