অসমের ‘আয়রন লেডি’ তথা ‘লেডি সিংহম’ এ বার নেতৃত্ব দেবেন সিআরপিএফের বিশেষ জঙ্গল-যোদ্ধা কমান্ডো ইউনিট ‘কোবরা’-কে। প্রবীণ আইপিএস অফিসার সংযুক্তা পরাশর কোবরা ইউনিটের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই বাহিনীর নেতৃত্বে তিনিই প্রথম মহিলা আধিকারিক।
উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন অভিযানে দীর্ঘদিন কাজ করেছেন সংযুক্তা। সেই কারণেই তাঁকে ‘আয়রন লেডি অফ আসাম’ নামে ডাকা হয়। জঙ্গল-যুদ্ধ এবং উগ্রপন্থা দমনে বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনীর নেতৃত্বে তাঁর নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মণিপুরে কোবরা বাহিনীর দুটি ব্যাটালিয়ন মোতায়েনের কয়েক মাস পরেই এই দায়িত্ব নিলেন সংযুক্তা। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে চলা সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েক জন এখনও নিখোঁজ। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিদ্রোহী ও উগ্রপন্থীদের বিরুদ্ধে একাধিক অভিযানে কোবরা কমান্ডোরা সক্রিয় থেকেছেন।
মাওবাদীদের জঙ্গল-যুদ্ধের কৌশল মোকাবিলার লক্ষ্যেই ২০০৮ সালে কোবরা বাহিনী গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে নকশাল দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বিশেষ বাহিনী। এ বার সেই ইউনিটের নেতৃত্বে থাকবেন অসমের ‘আয়রন লেডি’ সংযুক্তা পরাশর।