দুর্গাপুজো মানেই শহরজুড়ে বিজ্ঞাপনের ছয়লাপ। তবে এবার পুজোয় যত্রতত্র হোর্ডিংয়ের বাড়বাড়ন্ত রুখতে কড়াকড়ি কলকাতা পুরসভার। দুর্গাপুজোয় শহরের রাস্তায় হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স বসাতে কলকাতা পুরসভার অনুমতি বাধ্যতামূলক। কলকাতা পুরসভার সম্মতিপত্র নিয়ে তবে রাস্তায় হোর্ডিং ঝোলাতে পারবে পুজো উদ্যোক্তারা। সূত্রের খবর, এই বছর প্রথম পুরসভার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরসভার সূত্রে জানা গিয়েছে, ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরসভার বিজ্ঞাপন দপ্তরে আবেদন করতে হবে পুজো উদ্যোক্তাদের। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে আবেদন করা যাবে। হোর্ডিং, ব্যানার বা ফ্লেক্স টাঙানোর ক্ষেত্রে একগুচ্ছ শর্তও মানতে হবে উদ্যোক্তাদের। কলকাতা পুরসভার তরফে বলা হয়েছে, ৩ অক্টোবরের আগে কোনও হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার লাগানো যাবে না। ২৯ অক্টোবরের মধ্যে পুজোর সব হোর্ডিং খুলে ফেলতে হবে।
প্রতি বছর পুজোর সময়ে শহরের বড় পুজো সংলগ্ন রাস্তায় বাঁশের কাঠামো তৈরি করে হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স টাঙানো হত। এই সব হোর্ডিং কত দিন রাস্তায় থাকবে, তা নিয়ে পুরসভার তরফে কোনও অনুমতি নিতে হত না বলে খবর। যার ফলে পুজো মিটে গেলেও বাঁশের কাঠামো-সমেত বিজ্ঞাপন দীর্ঘ দিন পড়ে থাকতে দেখা যেত রাস্তায়। তবে এবার রাস্তায় বাঁশের গেট করার ক্ষেত্রেও উচ্চতা বেঁধে দেওয়া হয়েছে। পুরসভা সাফ জানিয়ে দিয়েছে, বিজ্ঞাপনের জন্য বাঁশের অস্থায়ী গেটের সর্বোচ্চ উচ্চতা ২২ ফুট হতে হবে।