*ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও'ব্রায়েনের পর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়*
ক্যামাক স্ট্রিটকাণ্ডে আজ শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে।
এর আগে প্রথম নোটিশে হাজিরা দেননি ডেরেক ও'ব্রায়েন। ইমেইল করে পুলিশের কাছে সময় চেয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় নোটিশ দিয়ে তাঁকে ফের ডেকে পাঠানো হয়। আজ তাকে থানায় হাজির হতে বলা হয়েছিল, তিনি হাজিরা দিলেন শেক্সপিয়র সরণি থানায় ।
অন্যদিকে এই ঘটনায় প্রথমবারের জন্য সুমিত রায়কে তলব করেছে পুলিশ। বেলা ১২টার সময় শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছিল। এবার তিনি পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজিরা দিলেন শেক্সপিয়র সরণি থানায় ।
এদিকে আগামীকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর তলব করা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। দুপুর ২টোর সময় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে।
২৭ অগস্ট বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ পুলিশ ও পুরকর্মীদের প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর অফিসের ভিতরে পুলিশ পুরকর্মী ও অন্যান্যদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
এই ঘটনায় সরকারি কাজে বাধা পুলিশ ও পুরকর্মীদের মারধর এবং মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগে মোট তিনটি FIR দায়ের হয়েছে। এর মধ্যে দু টি FIR এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর এবং ডেরেক ও'ব্রায়েনের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।