খেলার সময় অজান্তে পেরেক গিলে ফেলেছিল একটি শিশু। একাধিক চিকিৎসককে দেখিয়েও কোনও লাভ হয়নি। কেউ অস্ত্রোপচার করতে বা কলকাতায় দামি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। শেষ পর্যন্ত মুশকিল আসান হলো দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই ওই শিশুর পেট থেকে পেরেকটি বের করেছেন চিকিৎসকরা। এখন ওই শিশুটি সুস্থ আছে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় এবং ওই বেসরকারি মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট সকালে একাই খেলছিল বছর চারেকের শিশুটি। খেলার সময়ে নিজের অজান্তেই একটি পেরেক মুখে পুড়ে দেয় সে। তা গিলেও নেয় ওই শিশুটি। এর কিছুক্ষণ পরেই তার পেটে ব্যাথা শুরু হয়। কয়েকবার রক্ত বমিও করে সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এক্স-রে করা হয়। তাতেই দেখা যায়, ওই শিশুর পেটের মধ্যে একটি পেরেক আছে। একাধিক চিকিৎসকের পরমার্শ নেন তার পরিবারের লোকজন। প্রায় প্রত্যেকেই অস্ত্রোপচার পরামর্শ দেন। এমন কি কলকাতার নামী হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। একের পর এক চিকিৎসকের কাছে ঘুরেও কোনও সুরাহা পাননি পরিবারের লোকজন। অন্য দিকে, সময় যত গড়াচ্ছিল ওই বাচ্চার শরীর ক্রমশ খারাপ হচ্ছিল।
এর পরে অন্য কোনও উপায় না পেয়ে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানেই ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখার পরে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক নির্মাল্য সাহা, শিশু রোগ বিশেষজ্ঞ মনীশা দে এবং অন্যদের নিয়ে গঠন করা হয় মেডিক্যাল টিম। ওই চিকিৎসক দলের নেতৃত্বে অত্যাধুনিক এন্ড্রোস্কপির মাধ্যমে বাচ্চাটির পেট থেকে পেরেকটি বের করা হয়।