রাস্তাঘাটে যত্রতত্র থুতু, পানের পিক, আবর্জনা ফেলা কিংবা প্রকাশ্যে মলমূত্র ত্যাগ—এ বার এই ধরনের ঘটনায় জরিমানার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে নতুন করে জরিমানা ব্যবস্থা কার্যকর করা হল। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
নতুন নিয়মে রাস্তায় থুতু ফেলা বা প্রকাশ্যে মলমূত্র ত্যাগের মতো ঘটনায় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রাস্তার ধারে বেআইনি ভাবে গাড়ি পার্কিং এবং নির্মাণসামগ্রী হিসেবে বালি-সিমেন্ট ফেলে রাখার ক্ষেত্রেও জরিমানার বিধান রাখা হয়েছে। নির্দিষ্ট সীমার চেয়ে কম পুরুত্বের প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও জরিমানার কথা জানানো হয়েছে।
অগ্নিমিত্রার বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা আদায় করা নয়। বরং জরিমানার মাধ্যমে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করাই মূল লক্ষ্য। তাঁর কথায়, শাস্তির বিধান থাকলে মানুষ রাস্তাঘাট পরিষ্কার রাখার বিষয়ে আরও সতর্ক হবেন। জরিমানার টাকা ডিজিটাল পদ্ধতিতে নেওয়ার কথাও জানানো হয়েছে।
এর আগে জুন মাসেই অগ্নিমিত্রা জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় ময়লা, পানের পিক, থুতু কিংবা প্লাস্টিক ফেলার বিরুদ্ধে জরিমানা চালু করা হবে। সেই ঘোষণার পর নির্দিষ্ট সময়সীমা মেনেই আজ থেকে নিয়ম কার্যকর হল।
শহর ও রাজ্যের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা নিয়ে প্রশাসনের এই কড়া পদক্ষেপের পাশাপাশি নাগরিকদের দায়িত্বের কথাও তুলে ধরেছেন মন্ত্রী। শুধু পুরসভা বা প্রশাসনের উদ্যোগে নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণেই শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব—এই বার্তাই দিতে চাইছে রাজ্য সরকার।
তবে নতুন নিয়ম বাস্তবে কতটা কার্যকর হয় এবং বিভিন্ন পুরসভা ও প্রশাসনিক এলাকায় কী ভাবে জরিমানা আদায় করা হবে, এখন সেটাই দেখার।