‘সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পেতেই আসেন... ’ মালদা মেডিক্যালের অব্যবস্থা দেখে অসন্তোষ মন্ত্রীর



আচমকা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। অব্যবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী সুমনা সরকার। শুক্রবার রাতে আচমকা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালে ঢুকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

জরুরি বিভাগ, মেডিসিন, সার্জারি ওয়ার্ড পরিদর্শন

এ দিকে মন্ত্রী যখন ওয়ার্ডগুলিতে ঘুরছেন, কোথাও সিনিয়র চিকিৎসক অনুপস্থিত, কোথাও রোগীদের মুখে চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন, সার্জারি ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন সুমনা সরকার। পরিদর্শনে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এক নজরে

  • শুক্রবার রাতে আচমকা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

  • জরুরি বিভাগ, মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

  • সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীদের অভিযোগে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

  • চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন।

  • বর্ষায় জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিস্থিতি নিয়ে ব্যবস্থা নেওয়া এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কথা জানান তিনি।

উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পেতেই আসেন। তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

বর্ষায় মালদার একাধিক স্বাস্থ্যকেন্দ্র জলে ডুবে থাকার অভিযোগ রয়েছে। মন্ত্রী বলেন, যেগুলি জলে ডুবে আছে, এখনই তো কিছু করতে পারব না। জল নেমে গেলে, যা যা ব্যবস্থা করা দরকার, আমরা করব। তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, একেবারে প্রাথমিক স্তর পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো এমন ভাবেই তৈরি করা হবে, যাতে আগামিদিনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবাও পর্যাপ্ত হয়।’

Post a Comment

Previous Post Next Post