নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই ফর্ম পূরণ করে বিজ্ঞাপন দফতরে জমা দিতে হবে। পুজোর মরসুমে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা বিভিন্ন ডিসপ্লে বসানোর ক্ষেত্রে এই আবেদন এবং অনুমতি গ্রহণ বাধ্যতামূলক বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া কোনও কাঠামো বসানো হলে পুরসভার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। শনিবার দুর্গাপুজোয় কমিটিগুলির বিজ্ঞাপনের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়া নিয়ে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, ‘‘আমরা চাই কলকাতার পুজো ভাল ভাবে হোক। তাই ২০-২৫ তারিখ পর্যন্ত শিবির করে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে দেওয়া হবে।’’
অন্য দিকে, বিজ্ঞাপন সংক্রান্ত কর নিয়ে আলাদা বিষয় সামনে এসেছে। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক অঞ্জন উকিলের কলকাতার পুজো কমিটিগুলিকে জানিয়েছেন, কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরের চিফ ম্যানেজার ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে আলোচনায় জানানো হয়েছে যে, চলতি বছরে এলইডি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি বর্গফুটে বছরে ৬০০ টাকা হারে কর ধার্য হবে। তবে গোটা বছরের জন্য নয়, ব্যবহারের নির্দিষ্ট দিনের ভিত্তিতে আনুপাতিক হারে সেই কর হিসাব করা হবে। অর্থাৎ কত দিন এলইডি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, তার উপর নির্ভর করবে মোট করের পরিমাণ।
এলইডি ছাড়া অন্যান্য বহিরাঙ্গন বিজ্ঞাপন বা ডিসপ্লের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য পুর কর থেকে ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে। অঞ্জনের তথ্য অনুযায়ী, ৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়সীমায় এই ধরনের আউটডোর ডিসপ্লে কলকাতা পুরসভার কর থেকে মুক্ত থাকবে। ফলে পুজোর আগে বিজ্ঞাপনদাতা, পুজো কমিটি এবং বিভিন্ন সংস্থাকে অনুমতির পাশাপাশি কর সংক্রান্ত নিয়মও মাথায় রাখতে হবে। পুরসভার বিজ্ঞপ্তিতে এককালীন বিশেষ অনুমতির কথাও বলা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা ডিসপ্লে বসাতে সংশ্লিষ্ট পক্ষকে পুরসভার অনুমোদন নিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে নতুন করে আবেদন গ্রহণের সুযোগ থাকবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও স্পষ্টতা নেই। তাই নির্ধারিত পাঁচ দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
দুর্গাপুজোর সময়ে কলকাতার বিভিন্ন রাস্তায়, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় বিজ্ঞাপন, আলোকসজ্জা এবং বিভিন্ন প্রচারমূলক ডিসপ্লে দেখা যায়। সেই পরিপ্রেক্ষিতে এ বার অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো নিয়ন্ত্রণে পুরসভার অনুমতি এবং কর কাঠামো— দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পুরসভার এই উদ্যোগের ফলে পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে আগেভাগেই পরিকল্পনা করতে হবে। বিশেষ করে এলইডি ব্যবহারের ক্ষেত্রে কত বর্গফুট জায়গা জুড়ে বিজ্ঞাপন থাকবে এবং কত দিনের জন্য থাকবে, তার নির্ভুল হিসাব প্রয়োজন হবে। অন্য ডিসপ্লের ক্ষেত্রে করমুক্তির নির্ধারিত সময়সীমা মেনে কাঠামো তৈরি ও সরানোর পরিকল্পনাও করতে হবে।