৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তার আগে কলকাতায় পা রাখল ভারতীয় দল। সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামাকে আটকে দিয়েছেন খালিদ জামিলের ছেলেরা। এবার সামনে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতীয় ফুটবলের সবচেয়ে ‘বড় ম্যাচে’র আগে কল্লোলিনীতে উৎসবের আবহ। এই আবহে আনোয়ার আলি, রায়ান উইলিয়ামস চলে আসায় তা অন্য মাত্রা পেল।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ শহরে পৌঁছায় ভারতীয় দল। রায়ান উইলিয়মসরা থাকবেন রাজারহাটের পাঁচতারা হোটেলে। গত শুক্রবারই বেঙ্গালুরুতে ভারত মুখোমুখি হয়েছিল পানামার। কান্তিরাভা স্টেডিয়ামে যে ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। প্রথমার্ধে রায়ান উইলিয়ামসের দুর্দান্ত ফিনিশে এগিয়ে গিয়েছিল ভারতই। তার রেশ কাটার আগেই এবার ব্রাজিলের মুখোমুখি হবে কোচ খালিদ জামিলের দল। যে ম্যাচ খেলার জন্য ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসের মতো মহাতারকাদের নিয়ে আসছে ব্রাজিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও সেই পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে।
কলকাতায় পৌঁছে এখন যাবতীয় নজর ব্রাজিল ম্যাচে। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলও আত্মবিশ্বাসী। ভারতীয় দলের পক্ষ থেকে বলা হয়েছে, “পানামার বিরুদ্ধে ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। এখন আমাদের পুরো মনোযোগ ব্রাজিল ম্যাচে। কলকাতার সমর্থকদের সামনে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য।” ম্যাচ নিয়ে বাণিজ্যিক অংশীদারদের প্রস্তুতিও শুরু হয়েছে। এই ঐতিহাসিক ফিফা পুরুষদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে প্রিন্সিপাল পার্টনার হিসাবে রয়েছে ‘স্টাইল বাজার, পাওয়ার্ড বাই আমুল’। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আমেরিকা বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার সঙ্গে যে ফুটবল-সম্পর্ক তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।