কলকাতা: পুজোর আগেই কলকাতায় ফুটবল উৎসবের বোধন। কলকাতায় জোড়া ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারত। প্রতিপক্ষ? পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজ়িল ও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ৩ অক্টোবর ব্রাজ়িলের বিরুদ্ধে খেলবে ভারত। ৬ অক্টোবর ম্যাচ উরুগুয়ের সঙ্গে।
৩ অক্টোবর, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজ়িল ঐতিহাসিক ম্যাচ। তার আগে, বৃহস্পতিবার, ১ অক্টোবর কলকাতায় পৌঁছে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিকরা। কোচ কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে সেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে জোড়া ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ব্রাজ়িল। একটি ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছে। অন্য ম্যাচটি আগামীকাল, মঙ্গলবার। সেই ম্যাচ খেলে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কলকাতায় পৌঁছে যাবে ব্রাজ়িল দল। প্রাইভেট জেটে করে কলকাতায় আসছেন রাফিনহারা।
কলকাতায় এসে বাইপাস সংলগ্ন আইটিসি রয়্যাল হোটেলে উঠবে ব্রাজ়িল দল। তবে টানা ম্যাচ খেলা ও দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটানোর জন্য সেদিন সন্ধ্যায় বিশ্রাম নিয়েই কাটাবেন ভিনিসিয়াসরা। পরের দিন অর্থাৎ শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে প্র্যাক্টিস করার কথা ব্রাজ়িল ফুটবল দলের। কোচ কার্লো আনসেলোত্তির তত্ত্বাবধানে। তবে পুরোদমে প্র্যাক্টিস নাও হতে পারে। শোনা যাচ্ছে, ফুটবলারদের তরতাজা রাখতে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েও শুক্রবার প্র্যাক্টিস করাতে পারেন আনসেলোত্তি।
তবে সল্ট লেকে যুবভারতী স্টেডিয়াম নিয়ে বেশ কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। অন্তত ব্রাজ়িল দলের কাছে। প্রথমত, যুবভারতী স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলনের কক্ষটি খুব একটা বড় নয়। যে কারণে ম্যাচের আগের দিনের প্রথামাফিক সাংবাদিক সম্মেলন মাঠে না করে টিমহোটেলে করতে পারেন আনসেলোত্তি। দ্বিতীয়ত, যুবভারতী স্টেডিয়ামের ড্রেসিংরুমটি ব্রাজ়িল দলের ছোট বলে মনে হয়েছে। ব্রাজ়িলের যে প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় এসে মাঠ ও সবরকম পরিকাঠামো দেখে গিয়েছে, তারা সেরকমই রিপোর্ট দিয়েছে।
সেই কারণে বিকল্প একটি ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, ব্রাজ়িল দলের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে যুবভারতী স্টেডিয়ামের দুটি ড্রেসিংরুম দেওয়া হচ্ছে ভিনিসিয়াসদের। যাতে তাঁরা ইচ্ছেমতো সেই দুটি ব্যবহার করতে পারেন।
প্রস্তুতি চলছে জোরকদমে। বৃহস্পতিবার ব্রাজ়িলের ফুটবলাররা শহরে পৌঁছলেই সাম্বার উন্মাদনা আছড়ে পড়তে পারে।