মহালয়াকে কেন্দ্র করে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে বিশেষ মেগা অনুষ্ঠান। চলতি বছরে রাজনৈতিক পালাবদলের পর রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম দুর্গাপুজোর আয়োজন ঘিরে এমন বড় মাপের কর্মসূচি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন আয়োজিত ‘উমা আগমনী’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন। তবে তাঁর সফর এখনও চূড়ান্ত নয়।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে অনুষ্ঠান সংক্রান্ত কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়াও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বাংলার দুর্গাপুজোর ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি লোকসংস্কৃতিকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। থাকছে ধুনুচি নাচ, ছৌ নাচ এবং ঢাকিদের বিশেষ পরিবেশনাও।
রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের মানুষের জীবিকা ও অর্থনীতির বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। প্রতিমাশিল্পী থেকে শুরু করে আলোকশিল্পী, ঢাকি, মণ্ডপ নির্মাতা, পরিবহণ এবং পর্যটন শিল্প—দুর্গাপুজোর সঙ্গে বহু মানুষের রুজি-রোজগার জড়িত। সেই আবহেই ইডেনে এই মেগা অনুষ্ঠানের আয়োজন বলে জানা যাচ্ছে।
তবে এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দিক খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকলে মহালয়ার এই কর্মসূচি জাতীয় স্তরেও বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।