রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে ভারত, চিন-সহ একাধিক দেশের উপর কড়া পদক্ষেপের পথে আমেরিকা। রুশ জ্বালানির ক্রেতা দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর সংস্থান রয়েছে নতুন মার্কিন বিলে। ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই বিলটি পাশ হয়েছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামে ওই বিলে রাশিয়া ও ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। বিলটি কার্যকর হলে রুশ তেল কেনা দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও চিন-সহ মোট পাঁচটি দেশের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সম্ভাবনার কথা বলা হয়েছে।
তবে আমেরিকার এই অবস্থান ঘিরেই উঠছে প্রশ্ন। কারণ, এক দিকে রুশ জ্বালানির ক্রেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক শুল্কের কথা বলা হলেও, অন্য দিকে মার্কিন অসামরিক পরমাণু ক্ষেত্রে রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানির রাস্তা পুরোপুরি বন্ধ করা হয়নি। ফলে ওয়াশিংটনের নীতিতে দ্বৈত মানদণ্ড রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
রুশ জ্বালানি কেনার কারণে ভারতকে লক্ষ্য করে মার্কিন শুল্কনীতির সম্ভাব্য প্রভাব নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এখন নজর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি বিলে স্বাক্ষর করলে প্রস্তাবিত নিষেধাজ্ঞা ও শুল্ক সংক্রান্ত বিধানগুলি কার্যকর করার প্রক্রিয়া শুরু হতে পারে।