ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে অতিরিক্ত ফি বসানোর প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। তবে এই অতিরিক্ত খরচের বোঝা যাতে সরাসরি সাধারণ মানুষের উপর না পড়ে, তা নিশ্চিত করতে কড়া নজরদারির পথে হাঁটতে পারে কেন্দ্র। সূত্রের খবর, এ বিষয়ে ব্যাঙ্কগুলিকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম সামনে আসার পরই কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, ব্যবসায়ীরা অতিরিক্ত ফি আদায়ের জন্য শেষ পর্যন্ত ক্রেতা বা সাধারণ গ্রাহকদের উপরেই চাপ তৈরি করতে পারেন। সেই সম্ভাবনা আটকাতেই কেন্দ্রীয় স্তরে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই নগদহীন অর্থনীতির উপর জোর দিয়ে আসছে মোদি সরকার। কিন্তু ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ী মহলের একাংশ।
অন্য দিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি অনলাইন লেনদেনে ফি বসানোর পথ তৈরি করা হচ্ছে। ব্যবসায়ীদের উপর অতিরিক্ত খরচ চাপানো হলে তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের উপরই পড়বে বলে দাবি বিরোধী দলের।