রাস্তা চেনেন না। তাই গন্তব্যে পৌঁছতে ভরসা করেছিলেন গুগ্ল ম্যাপের উপর। কিন্তু সেই ম্যাপ দেখেই বিপত্তি! ধস নামা ভাঙা রাস্তা দিয়ে বাইক চালাতে গিয়ে সোজা খাদে পড়লেন এক যুবক। দুর্ঘটনার পর আত্মীয়দের ফোন করলেও ঠিক কোথায় রয়েছেন, তা জানাতে পারেননি তিনি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করল পুলিশ।
জানা গিয়েছে, সন্ধ্যায় বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন ওই যুবক। রাস্তা অপরিচিত হওয়ায় গুগ্ল ম্যাপ দেখে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। কয়েক কিলোমিটার যাওয়ার পর আচমকাই বাইকটি ধস নামা রাস্তার দিকে চলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান তিনি।
দুর্ঘটনার কিছুক্ষণ পর আত্মীয়দের ফোন করেছিলেন যুবক। কিন্তু তখন তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। কোথায় রয়েছেন, তা-ও ঠিক করে বলতে পারছিলেন না। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। শুরু হয় রাতভর তল্লাশি।
যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর অধিগৃহীত এলাকা। পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকায় কিছু দিন আগেই ধস নেমে রাস্তার একাংশ ভেঙে গিয়েছিল। সেই ভাঙা রাস্তার উপর দিয়েই গুগ্ল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় বিপদে পড়েন ওই বাইকচালক।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর আহত যুবক কার্যত ট্রমার মধ্যে ছিলেন। ফলে তিনি কোথায় পড়ে রয়েছেন, সে বিষয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য দিতে পারছিলেন না। কখনও এক জায়গার নাম, কখনও অন্য জায়গার কথা বলছিলেন। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি তাঁর মোবাইলের টাওয়ার লোকেশনও ট্র্যাক করা হয়। শেষ পর্যন্ত শনিবার সকালে ইসিএল কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে খুঁজে বার করা সম্ভব হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার ধাক্কায় তিনি সাময়িক ভাবে স্মৃতিবিভ্রাটের মতো পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরাই চূড়ান্ত ভাবে জানাবেন।