এ বার উচ্চমাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলের বদলে ভারতীয় ডাক বিভাগের উপর ভরসা করছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৭ সালের উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল ভাবে পরিচালনার লক্ষ্যে ‘ইন্ডিয়া পোস্ট’-এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে উত্তরপত্র বা এমআর শিট পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
শুধু উত্তরপত্র পৌঁছে দেওয়াই নয়, তৃতীয় সেমেস্টারের উত্তরপত্র মূল্যায়নেও থাকছে প্রযুক্তির ব্যবহার। জানা গিয়েছে, যন্ত্রের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ব্যবহৃত ওএসএম (On-Screen Marking) পদ্ধতির ধাঁচেই এই মূল্যায়ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে।
গত বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে নেওয়া হচ্ছে। তৃতীয় সেমেস্টারে থাকছে ওএমআর পদ্ধতি। এত দিন প্রশ্নপত্র ও উত্তরপত্র রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলের সাহায্য নেওয়া হত। এ বার সেই ব্যবস্থায় বদল এনে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষাকেন্দ্রে পাঠানো হবে।
এ বার তৃতীয় সেমেস্টার পরীক্ষায় মোট ৭,১৮,৬২০ জন পরীক্ষার্থী বসছেন। তাঁদের মধ্যে ছাত্রী ৪,০২,৮৮৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫৬.০৬ শতাংশ। ছাত্রের সংখ্যা ৩,১৫,৭৩১, অর্থাৎ ৪৩.৯৪ শতাংশ। রাজ্য জুড়ে ৯৯টি সংবেদনশীল স্থান-সহ মোট ২,১০৫টি ভেনু এবং ৮২৫টি মূল পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে।
পরীক্ষার নিরাপত্তা নিয়েও একাধিক পদক্ষেপ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের মূল গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে। পাশাপাশি, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত দু’জন করে ইনভিজিলেটর বা পরিদর্শক দায়িত্বে থাকবেন। ফলে প্রযুক্তি ও কড়া নিরাপত্তার মোড়কে এ বার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা নিতে চলেছে সংসদ।