উত্তর হাওড়ায় চরম জলযন্ত্রণা! ক্ষোভে ফেটে পড়ে সালকিয়া বেনারস রোডে পথ অবরোধ স্থানীয়দের


উত্তর হাওড়ায় চরম জলযন্ত্রণা! ক্ষোভে ফেটে পড়ে সালকিয়া বেনারস রোডে পথ অবরোধ স্থানীয়দের

উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে উপচে পড়া জলের জেরে জনজীবন স্তব্ধ। সালকিয়ার ঘোষপাড়া, মল্লিকপাড়া ও নন্দবাগ— পরপর তিনটি পাড়া এক হাঁটু জলে নিমজ্জিত। বর্ষার জল ও নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষোভ চরমে পৌঁছেছে স্থানীয় অধিবাসীদের। আজ সকাল থেকেই সালকিয়া বেনারস রোডে পথ অবরোধে নামেন স্থানীয় বাসিন্দারা। বহু মহিলা ও সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভস্থলে এক স্থানীয় বাসিন্দা মনোজ মুখার্জী তাঁর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান। "বৃষ্টি তো কলকাতা বা হাওড়ার সব জায়গাতেই হয়, কিন্তু হাওড়া সালকিয়া ও উত্তর হাওড়ার নিকাশি ব্যবস্থার অবস্থা একেবারে যাচ্ছেতাই! আজ এক সপ্তাহ হতে চলল, তিনটা পাড়াতেই এক হাঁটু করে জল জমে আছে। বাড়িতে কারেন্ট নেই, পানীয় জল নেই, বাচ্চা ও মহিলারা ঘর থেকে বেরোতেই পারছেন না। এভাবে মানুষের বসবাস করা অসম্ভব!"
তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন। "কারোর কোনো হেলদোল নেই! না কোনো প্রশাসন আসছে, না জল বের করার জন্য কোনো পাম্প চালানো হচ্ছে। কেবল দেখানোর জন্য ১০ টাকার জলের বোতল ও সামান্য পারসেট বিলি করে ফটো তোলার কাজ চলছে। কিন্তু কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। যতক্ষণ না কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা প্রশাসন এসে জল সরানোর সঠিক ব্যবস্থা করবেন এবং রাস্তা চলাচলের যোগ্য করবেন, ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে।"
চরম দুর্ভোগের মুখে দাঁড়িয়ে উত্তর হাওড়াবাসী এখন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং এই দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি চান।

Post a Comment

Previous Post Next Post