কলকাতা: সিএবি নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে। বার্ষিক সাধারণ সভা হলেও নির্বাচন হচ্ছে না বলে বুধবারই ঘোষণা করে দিয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইলেক্টোরাল অফিসার সুশান্তরঞ্জন উপাধ্যায়। তখনই জানা গিয়েছিল যে, রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব চাইছে না এখনই সিএবি নির্বাচন হোক।
তার ঠিক পরের দিন, বৃহস্পতিবার পদত্যাগ করলেন বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় । ঘটনার তাৎপর্য আরও বেড়েছে কারণ, অজিত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা ।
বৃহস্পতিবার আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র আইএফএ সচিবের কাছে পাঠান অজিত বন্দ্যোপাধ্যায় । যেখানে তিনি সেই ষাটের দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবে ময়দানে প্রবেশের পর থেকে আইএফএর সভাপতি পদে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করতে পারাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেছেন ।
যদিও সামনেই আইএফএ-র নির্বাচন । পুজোর পরই নির্বাচন হওয়ার কথা বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থায় । তার আগে কেন আচমকা পদত্যাগ করলেন অজিত বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে ।
অজিত তাঁর পদত্যাগপত্রে আইএফএ সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি যে বয়সে পৌঁছেছেন, তাতে কিছুদিনের মধ্যেই তিনি এই পদে থাকার অযোগ্য হয়ে পড়বেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তাঁর বিশ্বাস, আগামী প্রজন্মের প্রশাসকরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন।