প্রীতিম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজ়িল। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিনিসিয়াস জুনিয়রদের মুখোমুখি হবে ভারতীয় দল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এই সফর ঘিরে বিশেষ আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া থেকে বিশেষ চার্টার্ড বিমানে কলকাতায় আনা হবে ব্রাজ়িল দলকে।
ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় দু’টি প্রীতিম্যাচ খেলবে ব্রাজ়িল। সেখান থেকেই ১ অক্টোবর সরাসরি কলকাতায় আসবেন ভিনিসিয়াসেরা। প্রায় ১১ ঘণ্টার বিমানযাত্রার ধকল যাতে ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেই কারণেই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে এআইএফএফ এবং ব্রাজ়িল ফুটবল সংস্থার মধ্যে কথাবার্তা চলছে।
জানা গিয়েছে, ব্রাজ়িল দলের সঙ্গে মোট ৯০ জন কলকাতায় আসবেন। তাঁদের মধ্যে ফুটবলার, কোচ কার্লো আনচেলোত্তি এবং ব্রাজ়িল ফুটবল সংস্থার সভাপতি সমির সাউদ-সহ ৩০ জনের জন্য বিজ়নেস ক্লাসের আসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্রাজ়িল।
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে এআইএফএফের এক আধিকারিক জানিয়েছেন, ব্রাজ়িল বিশ্বফুটবলের অন্যতম সফল দল। বিশ্বের প্রথম সারির ফুটবলারেরা কলকাতায় আসছেন। তাই তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করাই স্বাভাবিক। তাঁর কথায়, চার্টার্ড বিমানে বিজ়নেস ক্লাসে আসবেন ফুটবলারেরা। কলকাতায় পৌঁছনোর দু’দিন পরেই ম্যাচ। ফলে দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটিয়ে দ্রুত মাঠে নামতে যাতে সমস্যা না হয়, সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে।
শুধু কলকাতায় আসার সময় নয়, ম্যাচের পর ব্রাজ়িলের ফেরার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ভিনিসিয়াস-আনচেলোত্তিদের ভারত সফর ঘিরে বিমানযাত্রা থেকে শুরু করে থাকার ব্যবস্থা—সব ক্ষেত্রেই কোনও খামতি রাখতে চাইছে এআইএফএফ।