পুজোর ছুটির পরই হবে রাজ্যের ৭ পুরসভায় নির্বাচন, ভোট গণনা হতে পারে ডিসেম্বরের শুরুতেই


কলকাতা: পুজোর ছুটির পরই নির্বাচন হবে রাজ্যের ৭ পুরসভায়। জানা গিয়েছে, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে পুজোর ছুটির পরেই। সূত্রের খবর, আগামী ২৭ বা ২৮ নভেম্বর হতে পারে পুরসভার নির্বাচন। ভোট গণনা হতে পারে ডিসেম্বরের ২ তারিখ।

আরও জানা গিয়েছে, পুজোর ছুটির শেষেই নির্বাচন হতে পারে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কার্শিয়ং, কালিম্পং পুরসভায়। আগামিকাল জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় পাঠানো হবে ইভিএম।           

রাজ্য নির্বাচন কমিশন যে পরিমাণ ইভিএম চেয়েছিল, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই সেই ইভিএম পাঠিয়ে দিয়েছে রাজ্যকে। ইভিএম আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় পাঠানো শুরু হবে। এ ছাড়াও ইতিমধ্যেই বিভিন্ন জেলার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সব ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কি না, বা তা নিয়ে কী বলছেন জেলাশাসকরা, কোনও রাজনৈতিক দল কোনও দাবি দাওয়া করছে কি না, সেই সব নিয়ে আগামিকাল একটা ভিডিও কনফারেন্স হবে।                     

কলকাতা পুরসভায় ২০৯ টি ওয়ার্ডে, হাওড়া পুরসভার ৬৮টি ওয়ার্ড, বালির ৩৫ টি, হলদিয়ার ২৯ টি, ধূপগুড়ির ২০টি, কার্শিয়ংয়ে ২০ টি ও কালিম্পং পুরসভায় ২৩ টি ওয়ার্ডে হবে ভোট। যদিও রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা রাজ্য সরকারই নেবে। সেই অনুযায়ী ভোট করাবে তারা। অন্যদিকে, রাজ্যের বাকি ১২২ টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে। আর সেই কারণে মনে করা হচ্ছে ওই পুরসভাগুলোতে নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।                     

অন্যদিকে, বিধায়ক কুণাল ঘোষ দাবি করছেন, SIR-এর আগে যে ভোটার লিস্ট ছিল, সেই লিস্ট অনুযায়ী নির্বাচন হোক। কারণ, এখনও বিপুল সংখ্যক মানুষ ভোটার লিস্টের বাইরে রয়েছে।

Post a Comment

Previous Post Next Post