সাতসকালে কলকাতায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান। বুধবার সকালে শেক্সপিয়র সরণির একটি আবাসনে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। লখনউয়ের একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এ দিন সকালেই ইডির একটি দল শেক্সপিয়র সরণির ওই আবাসনে পৌঁছয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা। আবাসনের নির্দিষ্ট একটি ফ্ল্যাটে নথিপত্র ও বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
লখনউয়ে নথিভুক্ত একটি মামলার তদন্ত করতে গিয়েই কলকাতার এই ঠিকানার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা বলে সূত্রের দাবি। ওই মামলার সঙ্গে কলকাতার বাসিন্দা বা সংশ্লিষ্ট কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তল্লাশিতে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও ইডির তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযানের শেষে তদন্তকারীদের হাতে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে। লখনউয়ের মামলার সঙ্গে কলকাতার এই ঠিকানার যোগসূত্র কতটা গভীর, তদন্তের অগ্রগতির সঙ্গে তা স্পষ্ট হবে।