জুয়ার ঠেকে পুলিশ দেখেই পর পর বোমা! আক্রান্ত এএসআই-সহ বেশ কয়েক জন, মুর্শিদাবাদে উত্তেজনা


জুয়ার ঠেকে পুলিশি অভিযান ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে। গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। অভিযোগ, পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছোতেই তাঁদের লক্ষ্য করে পর পর বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন সালার থানার এক এএসআই-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত খারেরা গ্রামে নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগ উঠেছিল। রবিবার রাতে গোপন সূত্রে সেই খবর পেয়ে সেখানে অভিযান চালায় সালার থানার একটি দল। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন এএসআই সাদেক আলি।
অভিযোগ, পুলিশকর্মীরা জুয়ার ঠেকের কাছে পৌঁছোতেই আচমকা তাঁদের লক্ষ্য করে বোমাবর্ষণ শুরু হয়। পর পর কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। গভীর রাতে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
বোমার আঘাতে গুরুতর জখম হন এএসআই সাদেক আলি। তাঁর পাশাপাশি আরও কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ। জুয়ার আসর ঘিরে পুলিশের উপর এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post