বাসস্ট্যান্ড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক, সরাসরি যাওয়া যাবে ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত, আর কী পরিকল্পনা?



হাওড়ার বাসস্ট্যান্ডকে মাল্টি কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ বার প্রস্তাবিত মাল্টি কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক বা ফুটব্রিজ তৈরির কথা জানাল পূর্ব রেল। এর ফলে বাসস্ট্যান্ড থেকে সহজেই স্টেশনে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। তবে গোটা বিষয়টা এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে।

এক নজরে

  • হাওড়া বাসস্ট্যান্ডকে মাল্টি-কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

  • প্রস্তাবিত কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা করছে পূর্ব রেল।

  • প্রাথমিক পরিকল্পনায় স্কাইওয়াকটি হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়ার কথা রয়েছে।

  • স্কাইওয়াক তৈরি হলে বাসস্ট্যান্ড থেকে ১ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মে সরাসরি পৌঁছতে পারবেন যাত্রীরা।

  • মাল্টি-কমপ্লেক্সে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের পাশাপাশি মাল্টিপ্লেক্স ও ফুডকোর্ট তৈরির পরিকল্পনাও রয়েছে।

পূর্ব রেলের সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, রাজ্য সরকার মাল্টি-কমপ্লেক্স তৈরি করলে বাসস্ট্যান্ড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত সরাসরি যাতায়াতের ব্যবস্থা কী ভাবে করা যায়, তা খতিয়ে দেখবে রেল। এর পরে একটি ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হবে। সেখানেই স্কাইওয়াক বা ফুট ওভারব্রিজের বিষয়টি থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্কাইওয়াক দিয়ে বাসস্ট্যান্ড থেকে সরাসরি হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যাবে। তবে ডিপিআর তৈরি হওয়ার পরেই বিষয়টা স্পষ্ট হবে। আপাতত জানা গিয়েছে, যাত্রীরা বাসস্ট্যান্ড থেকে স্কাইওয়াক দিয়ে হেঁটে সরাসরি স্টেশনে ঢুকবেন। এই পথে ১ নম্বর থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সহজেই চলে যেতে পারবেন তাঁরা।

বর্তমানে বাসস্ট্যান্ড থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে সড়ক পথেই যাতায়াত করতে হয় যাত্রীদের। ঘুরপথে যেতে কিংবা যানজটের কারণে বেশ কিছুটা সময়ও লাগে। স্কাইওয়াক তৈরি হয়ে গেলে সময় বাঁচবে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। দেশের বিমানবন্দরগুলির আদলেই চলন্ত সিঁড়ি ও স্কাইওয়াক তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর হাওড়া বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনের পরে মাল্টি কমপ্লেক্স তৈরির কথা জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। পরিকল্পনা অনুযায়ী, হাওড়া বাস টার্মিনাসের নীচতলায় বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস দাঁড়াবে। তার উপরে থাকবে ট্যাক্সি স্ট্যান্ড। অ্যাপ ক্যাব দাঁড়ানোর জন্যও আলাদা জায়গা থাকবে। একই বিল্ডিংয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স ও ফুডকোর্টও।

Post a Comment

Previous Post Next Post