গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র


নদীয়া: ফের বিক্ষোভের মুখে পড়লেন 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র। তেহট্টে পার্টি অফিস থেকে বেরোতেই উড়ে এল ডিম। মহুয়া মৈত্রকে লক্ষ্য় করে নাগাড়ে গো ব্যাক স্লোগানও দিলেন স্থানীয় মানুষ। বিজেপির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন সাংসদ। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

নিজের লোকসভা কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন মহুয়া মৈত্র

নিজের লোকসভা কেন্দ্রেই ফের বিক্ষোভের মুখে পড়লেন, 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র। গাড়ি লক্ষ্য় করে উড়ে এল ডিম। বুধবার তেহট্টে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তখনই মহুয়া মৈত্রর বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। সাংসদকে দেখানো হয় কালো পতাকা। দেওয়া হল গো-ব্যাক স্লোগান। তাঁর গাড়ি লক্ষ্য় করে ডিম ছোড়া হয়। ঘটনার কিছুটা অংশের ফেসবুক লাইভ করেন, মহুয়া মৈত্র। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'না না দেখি কে কী ফেলে। দেখলেন, দেখলেন, দেখলেন। ডিমটা দেখলেন? ডিমটা দেখলেন? পুলিশের সামনে কী হল! ডিমটা দেখুন। পুলিশের সামনেই ডিমটা দেখুন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই হল পুলিশ অফিসার। এই হল পুলিশ অফিসার। জয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।'

অভিযোগের তীর বিজেপির দিকে, কী বলছে শাসক শিবির

মহুয়া মৈত্রর অভিযোগ, এই বিক্ষোভের নেপথ্য়ে ছিল বিজেপি। এদিন মহুয়া মৈত্র বলেন, 'কর্মসূচিস্থলে ঢুকে বিজেপির মণ্ডল সভাপতি, বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি সহ ৭ থেকে ৮ জন ভিড় করে। কোর্টের নির্দেশে পুলিশ ছিল। পুলিশ থাকার পরও এগুলো হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশের সামনে এগুলো হচ্ছে। হামলার সময় পুলিশ গিয়ে আমাকেই জোর করে গাড়িতে তুলে দেয়। বলছে এরা সাধারণ মানুষ। কিন্তু এঁরা সাধারণ মানুষ নয়, বিজেপি কর্মী।' যদিও, বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি, সৌমেন সরকার বলেন, 'সেখানকার জনগণ, সাধারণ মানুষ যদি কালো পতাকা দেখায় বা অন্য় কিছু ঘটনা ঘটায় সেটার জন্য় তো আমরা বিজেপির পক্ষ থেকে না। সেখানে সাধারণ জনগণ, পরবর্তীতে বিজেপি কর্মীরা সেখানে গেছিল দেখতে, সেখানে বিজেপি কর্মীদের একদম চিহ্নিত করে মারে। তৃণমূলের গুন্ডাবাহিনী রীতিমতো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইট হাতে করে, দু হাতে ইট।' এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয় এলাকায়। 

Post a Comment

Previous Post Next Post