অডিও ক্লিপ কাণ্ডে বহরমপুর থানায় নির্ধারিত সময়ের আগেই হাজিরা হুমায়ুন কবীরের, যাওয়ার আগে বললেন...


মুর্শিদাবাদ : অডিও ক্লিপ কাণ্ডে বহরমপুর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। সোমবার সকাল ১১টা ২ মিনিট নাগাদ, নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা দিয়েছেন তিনি। 'হয়রানি করার জন্য চলছে এইসব', হাজিরা দেওয়ার আগে মন্তব্য হুমায়ুন কবীরের। আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া বিধানসভা কেন্দ্র রেজিনগরে। এই কেন্দ্রে AJUP প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। 

হুমায়ুন কবীরের অভিযোগ, প্রতিহিংসা থেকেই তাঁকে এভাবে হয়রান করা হচ্ছে। বিধায়ক এও বলেছেন যে, মুর্শিদাবাদ জেলা পুলিশ সাংবাদিক বৈঠক করে অডিও ক্লিপ প্রকাশ্যে আনার পরেই তিনি স্বীকার করেছিলেন যে ওই অডিও ক্লিপে শোনা যাওয়া দু'টি কণ্ঠস্বরের মধ্যে একটি তাঁর। আর তাই পুলিশের কাছে তিনি কিছু লুকোতে চান না। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, বেশ কয়েকজন পুলিশকর্তা নাম করেছিলেন হুমায়ুন কবীর, যাঁদের বহরমপুর থানায় আনা হয়েছে এবং তাঁরা আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এছাড়াও নওদার বিধায়ক স্পষ্ট করে জানিয়েছেন যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর দলের নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে। পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে গতকালের মতোই বলেছেন যে, ভোটের প্রচার তিনি করবেন না, কিন্তু ভোটের লড়াইয়ের ময়দান ছেড়ে তিনি যে সরছেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন কবীর। নির্বাচন কমিশনকে সরাসরি লিখিতভাবে সব অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেছেন নওদার বিধায়ক। এদিন সঙ্গে সরকারি নিরাপত্তারক্ষীকে নিয়েই বহরমপুর থানায় গিয়েছেন হুমায়ুন কবীর। 

Post a Comment

Previous Post Next Post