এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সমস্যায় পড়েছেন একাধিক হজযাত্রী। তাঁদের আবেদন দ্রুত শুনে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ট্রাইবুনালকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সম্ভব হলে আবেদনগুলির ক্ষেত্রে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্যও ট্রাইবুনালকে পরামর্শ দিয়েছে আদালত।
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময় যাঁদের নাম নিয়ে আপত্তি বা সংশয় তৈরি হয়েছিল এবং যাঁদের নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছিল, তাঁদের আবেদনের নিষ্পত্তির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এসআইআর আপিল ট্রাইবুনাল গঠন করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই এই ট্রাইবুনাল গঠিত হয়েছিল। তবে সেখানে আবেদন শুনানি ও নিষ্পত্তির কাজ ধীরগতিতে চলছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতেই একদল হজযাত্রী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাকারীদের অভিযোগ, এসআইআর-এর কারণে ভোটার তালিকায় তাঁদের নাম না থাকায় পাসপোর্ট তৈরি এবং হজের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন নিয়ে তাঁরা সংশ্লিষ্ট ট্রাইবুনালের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত সেই আবেদনের শুনানি বা নিষ্পত্তি হয়নি বলে আদালতে দাবি করেন তাঁরা।
মামলাকারীদের আরও বক্তব্য, প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েই তাঁরা ট্রাইবুনালে আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে হজযাত্রার প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা।
মামলাকারীদের বক্তব্য শুনে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ট্রাইবুনালকে দ্রুত আবেদনগুলি শুনতে নির্দেশ দেয় হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের তরফে সম্ভব হলে দু’সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আবেদনের নিষ্পত্তি করার পরামর্শও দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশের ফলে এসআইআরে নাম বাদ পড়া হজযাত্রীদের ভোটার তালিকায় নাম সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের পথ কিছুটা সহজ হতে পারে বলেই মনে করা হচ্ছে।