পুজোতেও শ্রীঘরে শ্রীভূমির প্রাক্তন কর্তা! হাই কোর্টে খারিজ সুজিতের জামিনের আবেদন



পুজোর সময়েও শ্রীঘরেই থাকতে হবে শ্রীভূমির প্রাক্তন কর্তা সুজিত বসুকে। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আবেদন খারিজের জন্য আলাদা করে কোনও কারণ দেখায়নি আদালত। পুর নিয়োগ দুর্নীতিতে মূলত প্রভাবশালী তত্বেই প্রাক্তন দমকল মন্ত্রীকে জামিন দিল না বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ফলে এতদিন ধরে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিজের হাতে সাজিয়ে তুলতেন সুজিত বসু, তা এবার চোখেও দেখা হবে না তাঁর। আপাতত জেলবন্দিই থাকতে হবে প্রাক্তন  মন্ত্রীকে।
গত মে মাসে রাজ্যে পালাবদলের পরই সুজিত বসু-সহ তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। তার আগেই অবশ্য পুরসভা ও শিক্ষক নিয়োগের মতো গুরুতর মামলার দায়িত্বভার পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তার তদন্ত আরও গতি এনে গত ১২ মে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে। সেই থেকে তিনি জেলবন্দি। শুধু পুরনিয়োগ দুর্নীতি নয়, তদন্তের গভীরে গিয়ে কেঁচো খুঁড়তে কার্যত কেউটে বের করেন তদন্তকারীরা। একাধিক আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগ ওঠে। সুজিত বসুকে নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালান জায়গায় জায়গায়। এসবের জেরে বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।

Post a Comment

Previous Post Next Post