নিবিড় ভোটার তালিকা অর্থাৎ এসআইআর থেকে বাদ যাওয়া ভোটারদের কাছে ফের নাম তোলার সুযোগ। আর তা তুলতে একেবারে নয়া প্রকল্পের ঘোষণা করল নির্বাচন কমিশন। ইতিমধ্যে কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআরে যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের নাম তুলতে বিএলও-রা এবার বাড়ি বাড়ি যাবেন। ফর্ম-৬ পূরণ করে নাম তোলার ব্যবস্থা করবে। এছাড়াও পাড়ায় পাড়ায় ক্যাম্প করা হবে বলে জানান হয়েছে। নাম তোলার জন্য সেখানেও আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গে শেষ হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও দেখা গিয়েছে, বহু নাগরিকের নাম নানা কারণে তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে কিংবা নতুন ভোটাররা নাম নথিভুক্ত করতে পারেননি। এই নিয়ে রাজ্যের রাজনীতিতে জলঘোলা কম হয়নি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ও নাম তোলার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ইস্যুতে কলকাতায় অবস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযানের ডাক দিয়েছিল ঘাসফুল শিবির। রাজনৈতিক তপ্ত আবহ ও বাদ পড়া নাগরিকদের চরম উদ্বেগের মাঝেই অবশেষে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।