স্বামীকে খুন করে দেহ ড্রামে, মুসকান ও তার প্রেমিককে ফাঁসির সাজা শোনাল আদালত




মীরাটের মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতের হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শোনাল জেলা আদালত। ১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যদানের পর সপ্তাহদুয়েক আগে মুসকান-সাহিলকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। অবশেষে বুধবার হল সাজা ঘোষণা।
অভিযোগ, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লার সহযোগিতায় সৌরভকে খুন করে মুসকান। তারপর তাঁর দেহ ১৫ টুকরো করে ড্রামে লুকিয়ে রাখে। পরে পুলিশকে মুসকান বলে, ২০২১ সালেই সৌরভের সঙ্গে তার ডিভোর্সের মামলা শুরু হয়ে গিয়েছিল। তখনও সাহিলের সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি। পরে যত তাদের সম্পর্ক গাঢ় হয়েছে ততই সৌরভের সঙ্গে বিচ্ছেদ পাকাপাকি করতে মরিয়া হয়ে উঠেছিল সে। আর সেই কারণেই নাকি শেষমেশ আর ধৈর্য ধরতে না পেরে স্বামীকে খুন করে সে। অবশেষে সেই মামলায় মুসকান ও তার প্রেমিককে দোষী সাব্যস্ত করে জেলা আদালত। এদিনের রায়ঘোষণার দিকে নজর ছিল সকলের। অবশেষে জানা গেল তাদের চরম সাজাই শুনিয়েছে মীরাটের একটি আদালত।
মুসকানের বিচার চলাকালীন সৌরভের মা ও ভাই রাহুল আদালতে উপস্থিত হন। বউমাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধা। আবেগ সামলে রাখতে পারছিলেন না তিনি। চিৎকার করে জানতে চাইছিলেন, কেন সে এই কাজ করল। তাঁর চিৎকার আদালত চত্বরে প্রতিধ্বনিত হচ্ছিল বলে জানা গিয়েছে। সেদিন আদালতে মুসকানদের মৃত্যুদণ্ডের কাতর আর্জিও জানান সন্তানহারা মা।
এদিকে গত নভেম্বরে মা হয়  মুসকান। তার আগেই জানা গিয়েছিল, স্বামীকে খুনের সপ্তাহখানেক আগেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। যদিও ব্যাপারটা প্রথমে সে বুঝতে পারেনি। তার গর্ভস্থ সন্তানের বাবা স্বামী সৌরভ নয় সেব্যাপারেও একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। সে মা হতে চলেছে জেনেও কেউ যোগাযোগ করেনি। এমনকী মুসকানের প্রেমিক সাহিল শুক্লার সঙ্গেও তাঁর পরিবারের কেউ সেই থেকে জেলে দেখা করতে আসেনি। পরে গত বছরের শেষে এক কন্যাসন্তানের জন্ম দেয় মুসকান।

Post a Comment

Previous Post Next Post