চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পীকে তলব লালবাজারের, কেন ডাক? কী জানতে চায় পুলিশ ?


কলকাতা : এবার চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব  করল লালবাজার। বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কাছে জানতে চাওয়া হতে পারে কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল। শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে।
এছাড়া চোরবাগানের মণ্ডপে ও আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার অর্ধেকের ফুটেজে নজর রাখছে পুলিশ। তবে সূত্রের খবর ৩২ টি ক্যামেরার মধ্যে   ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের দাবি, চোরবাগানে কীভাবে ঘটেছিল বিপর্যয় তা জানতে ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এমন ৩ জনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য  ডাকা হয়েছে লালবাজারে।
পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। চোরবাগান সর্বজনীনের সেদিনের ঘটনায় এখনও চোখ বুঝলেই সেই বীভৎস দৃশ্য ভেসে উঠছে মৃতের আত্মীয়স্বজনদের। সেদিন মৃত্যুকে যাঁরা খুব কাছ থেকে দেখেছিলেন, তাঁদের চোখে-মুখেও এখন একরাশ আতঙ্ক। শেষ হয়ে গেছে বহু পরিবারের আশা-ভরসাও। যতবার পুজো আসবে, ততবার স্বজনহারাদের মনে ফিরে ফিরে আসবে এই বিভীষিকাময় সন্ধে। কিন্তু যাদের জন্য় এই পরিণতি হল, তারা কি কোনওদিন শাস্তি পাবে? কাদের গাফিলতির জেরে চলে গেল ১৯টা প্রাণ? খতিয়ে দেখতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে রাজ্য় সরকার। তাদের কাছ থেকে এখন বিচার চাইছে স্বজনহারাদের পরিবার। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন স্বজনহারারা। রাজ্য় সরকারের বক্তব্য়, তদন্তের নিরপেক্ষতার স্বার্থেই এই সিদ্ধান্ত। তদন্তে, ঘটনার দিনের CCTV ফুটেজ, মোবাইল ফোনের ভিডিও, নিহত ও আহতদের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখবে SIT ।
চোরবাগানকাণ্ডে লালবাজারের স্ক্যানারে রয়েছে মণ্ডপে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ভূমিকাও। লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন মণ্ডপের সামনের রাস্তা এন্ট্রি-এক্সিট পয়েন্ট যে সব পুলিশকর্মী মোতায়েন ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা ধরে, কে কোথায় কী দায়িত্বে ছিলেন, তা নিয়ে সোমবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করা হবে। অন্যদিকে, চোরবাগানে মৃত্য়ুমিছিল নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছএ রাজ্য মানবাধিকার কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে এনিয়ে শুনানির হওয়ার সম্ভাবনা রয়েছে।                  

Post a Comment

Previous Post Next Post