রাজ্য সরকারি স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডির ক্ষেত্রে চূড়ান্ত শূন্যপদ প্রকাশ করল এসএসসি। ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৫,৪৮৮ টি গ্রুপ-ডি পদে এবং ২,৯৮৯টি ক্লার্ক পদে নিয়োগ করা হবে। অর্থাৎ দুই বিভাগ মিলিয়ে মোট ৮,৪৭৭ জন নিয়োগ করা হবে।
কমিশনের তালিকা অনুযায়ী, গ্রুপ-ডি পদের সিংহভাগই বাংলা মাধ্যমের জন্য। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৪,২৮৭টি। শুধুমাত্র মহিলাদের জন্য ১,০২১টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া হিন্দি মাধ্যমে ১৪১টি এবং উর্দু মাধ্যমে ২১টি গ্রুপ-ডি শূন্যপদ রয়েছে। আঞ্চলিক বণ্টনে গ্রুপ-ডি পদের জন্য সবচেয়ে বেশি কর্মখালি রয়েছে পশ্চিম ও উত্তর অঞ্চলে। বাকি শূন্যপদগুলি পূর্ব (৯৯৫), দক্ষিণ (৬৮০) এবং দক্ষিণ-পূর্ব (৫৩৩) অঞ্চলে বিন্যস্ত।
পূর্বঘোষিত ক্লার্ক পদের ২,৯৮৯টি আসনের সাথে এই ৫,৪৮৮টি গ্রুপ-ডি শূন্যপদ যুক্ত হওয়ায় চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হল। দুই পদের ক্ষেত্রেই প্রার্থীদের জন্য নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে আসন সংরক্ষণ করা হয়েছে। এসএসসি জানিয়েছে, জীববিজ্ঞানের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ এবং ৭ নভেম্বর, পরিবেশ বিদ্যার তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর , বাণিজ্য বিষয়ের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর এবং কম্পিউটার অ্য়াপলিকেশনের তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৭ নভেম্বর। কাউন্সেলিং ও পরবর্তী প্রক্রিয়া শুরুর বিস্তারিত সূচি জানতে চাকরিপ্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।