যমুনায় ডুব দিয়ে জল পান মনোজের,পাল্টা চ্যালেঞ্জ আপের, দূষণ নিয়ে দিল্লিতে তুঙ্গে তরজা


নদীতে ডুব দিয়ে খেলেন এক আঁজলা জল। তার পরে বেশ কিছুক্ষণ যমুনায় সাঁতার কাঁটলেন। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
যমুনার জল কতটা পরিষ্কার, তা নিয়ে এ বার সরাসরি রাজনৈতিক সংঘাতে বিজেপি ও আম আদমি পার্টি (আপ)। একদিকে নদীতে ডুব দিয়ে দূষণ কমার দাবি করেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। অন্য দিকে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপের দাবি, যমুনার দূষণ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে গেরুয়া শিবির। ছটপুজোর আগে যমুনার জল কতটা নিরাপদ, সেই প্রশ্নকে কেন্দ্র করে দিল্লির রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর।

বৃহস্পতিবার দিল্লির সনিয়া বিহার ঘাটে যমুনায় ডুব দিয়েছিলেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গত এক বছরে যমুনার দূষণ প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যমুনার কিছু অংশে পরিযায়ী পাখিও দেখা যাচ্ছে, যা প্রমাণ করে যে নদীর জল আগের থেকে বেশি পরিষ্কার হয়েছে। এমনকী, নদীর জলে আচার-অনুষ্ঠানের জন্য জল ব্যবহার করার কথাও কথাও জানান সাংসদ।

তবে যমুনার জল কতটা পরিষ্কার, তা নিয়ে আপ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মনোজ। তিনি দাবি করেন, আপ সরকার এতদিন হরিয়ানাকে দূষণের জন্য দায়ী করলেও বিজেপি ক্ষমতায় আসার পর দেড় বছরের মধ্যে নদীর অর্ধেক পরিষ্কার করা হয়েছে। আগামী তিন বছরে বাকি কাজও শেষ করা হবে। বিজেপির তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও যমুনায় ডুব দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন মনোজ তিওয়ারি।

পাল্টা চ্যালেঞ্জ আপের, নিশানায় বিজেপি

বিজেপির দাবির পাল্টা জবাব দিতে ছাড়েনি আপ আদমি পার্টি। আপের দিল্লি সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ পাল্টা কটাক্ষ করে বলেছেন, পল্লা থেকে ওয়াজিরাবাদ পর্যন্ত যমুনার অংশ তুলনামূলক ভাবে পরিষ্কার। কিন্তু ওয়াজিরাবাদ থেকে ওখলা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার অংশে দূষণের মাত্রা অনেক বেশি।

মনোজ তিওয়ারি এবং দিল্লির জলমন্ত্রী প্রবেশ ভার্মাকে কালিন্দী কুঞ্জ ঘাটে গিয়ে যমুনার জল পান করার পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন সৌরভ। ফলে নদী পরিষ্কারের প্রশ্ন এখন বিজেপি-আপের রাজনৈতিক শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post