চোরবাগান কাণ্ডে বড় পদক্ষেপ, সরিয়ে দেওয়া হলো গিরিশ পার্ক থানার ওসি-কে, নতুন দায়িত্বে কে?



চোরবাগান সর্বজনীনে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পরে একের পর এক বড় পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই রাজ্য পুলিশে কর্মরত ৯ জন IPS-কে ফিরিয়ে আনা হয়েছে। এর পরে রবিবার সন্ধ্যায় সরিয়ে দেওয়া হলো গিরিশ পার্ক থানার ওসি সুমিতকুমার ঘোষকে। তাঁর জায়গায় দায়িত্বে এলেন হীরক দলপতি।

চোরবাগান সর্বজনীনের প্যান্ডেল গিরিশ পার্ক থানা এলাকাতেই পড়ে। ছাব্বিশের নির্বাচনের আগে মার্চ মাসে সুমিতকুমার ঘোষকে গিরিশ পার্ক থানার দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্য দিকে হীরক দলপতি গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর। তাঁকে সেই দায়িত্ব সামলানোর পাশাপাশি গিরিশ পার্ক থানার ওসি হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তবে সুমিতকে কেন সরানো হলো সেই বিষয়ে কিছু জানা যায়নি।

কলকাতা পুলিশ কমিশনারের অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কলকাতা গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হীরক দলপতিকে গিরিশ পার্ক থানার ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।’ জানা গিয়েছে, নিজের বর্তমান দায়িত্ব সামলানোর পাশাপাশি গিরিশ পার্ক থানার ওসি হিসেবে কাজ করবেন তিনি। রবিবার থেকেই তাঁকে অতিরিক্ত দায়িত্ব সামলাতে বলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post