মনোরম আবহাওয়া বঙ্গজুড়ে। হালকা শীতের আমেজ। তবে এই আবহাওয়া সাময়িক। আগামী মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে, কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না!
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের তাপমাত্রা কমেছে। হালকা শীতের আমেজ রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক। পুরুলিয়ার তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে। আলিপুরদুয়ারে তা ১৮ ডিগ্রি। এই পরিস্থিতি বেশি দিন থাকবে না বলেই পূর্বাভাস। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দ্বাদশী পর্যন্ত উত্তরের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙের মতো পাহাড়ি এলাকায় দ্বাদশী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শেষ হওয়ার পর আপাতত বৃষ্টির শঙ্কা না থাকলেও সম্ভাব্য নিম্নচাপ ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষত উপকূলবর্তী এলাকায় এই আবহাওয়ার অবস্থা কেমন থাকে সেই দিকেই নজর।