নিয়োগপত্র দিয়ে কনস্টেবলদের দেশ বাঁচানোর পাঠ মুখ্যমন্ত্রীর



পুলিশ কনস্টেবলদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে রাষ্ট্র-ধর্মের পাঠ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নব নিযুক্ত ১১ হাজারেরও বেশি ওই কনস্টেবলের হাতে সোমবার নিয়োগপত্র তুলে দিয়ে তাঁদের উদ্দেশে শুভেন্দুর বার্তা — ‘মনে রাখতে হবে, নেশন ফার্স্ট। দেশকে সবার আগে রাখতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে হবে।’ এর পাশাপাশি কোনও ধরনের অবৈধ কাজে না জড়ানোর জন্য ওই কনস্টেবলদের সাবধানও করে দেন মুুখ্যমন্ত্রী।

এই নিয়োগের সূচনা তৃণমূল আমলে হলেও আইনি ও প্রশাসনিক জটে তা সম্পূর্ণ করা যায়নি। শুভেন্দু জানান, সরকার গঠনের পরে সে সব জট খুলে ১১ হাজার ৫৯৩ জন কনস্টেবল নিয়োগ করা হলো। পুজোতেও এঁদের কাজে লাগানো হবে। পুজো মিটলেই নভেম্বরে রাজ্য পুলিশে কয়েক হাজার নতুন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

শুভেন্দু বলেন, ‘সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হতো না। ওবিসিতে নিয়োগ আটকে রেখেছিল আগের সরকার। তা নিয়ে কোর্ট আর সরকারের দড়ি টানাটানি চলছিল। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছি। আগের সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল, সেখান থেকেও বেরিয়ে এসেছি। সরকার এত দ্রুততার সঙ্গে এই কাজ না করলে আজকের এই আনন্দটা দেখতে পেতাম না।’

Post a Comment

Previous Post Next Post