শান্তিনগরে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগে থাকা ২০০ গ্রাম সোনা ও নগদ টাকা নিয়ে উধাও চার দুষ্কৃতী


শান্তিনগরে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগে থাকা ২০০ গ্রাম সোনা ও নগদ টাকা নিয়ে উধাও চার দুষ্কৃতী

শিলিগুড়ি,রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাঁকে হেনস্তা করা হয় এবং পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ।

ব্যবসায়ীর বয়ান অনুযায়ী, দোকান থেকে বাড়ি ফেরার পথেই আচমকা তাঁর সামনে এসে দাঁড়ায় চারজন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর কাছে থাকা ব্যাগটি কেড়ে নেয় দুষ্কৃতীরা। ব্যাগ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করলে তাঁকে ড্রেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের সাহায্যে দুষ্কৃতীদের পিছু নেওয়ার চেষ্টা করেন তিনি।

অভিযোগ, সেই সময় দুটি বাইকে চেপে পালানোর মুহূর্তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান উত্তম সরকার। তাঁর দাবি, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ছিল। ঘটনার পর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। কীভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে।

ব্যস্ত এলাকার মধ্যে এমন সশস্ত্র ছিনতাইয়ের অভিযোগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই বাইকে চারজনের দল কীভাবে ঘটনাস্থলে এসে এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করাই এখন তদন্তকারীদের কাছে প্রধান লক্ষ্য।

Post a Comment

Previous Post Next Post