‘কনিউনিস্ট-জামাত নই, হিন্দুর ছেলে’, অষ্টমীর আরতি সেরে ‘আরশোলা’, ‘ছারপোকা’দের থেকে সাবধানবাণী শুভেন্দুর



“আমি কমিউনিস্ট নই, নাস্তিক নই, জামাত নই। হিন্দুবাড়ির ছেলে, সনাতনী।” অষ্টমীর বেলায় পুষ্পাঞ্জলি দিয়ে সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বামেদের আরও একবার একহাত নিয়ে ‘আরশোলা’, ‘ছারপোকা’দের থেকে সাবধান থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু। এদিন সকাল থেকেই বাংলার প্রতিটি দুর্গাপুজোর মণ্ডপে পুষ্পাঞ্জলির অনুষ্ঠান হয়েছে। কাঁথিতে নিজের ক্লাবে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি পুষ্পাঞ্জলিও দিয়েছেন। তারপরই সাবধানবাণী শুনিয়েছেন তিনি।
এদিন বেলায় কাঁথির ওই পুজো মণ্ডপে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তিনি দেবী দুর্গার আরতি করেন নিজহাতে। পুষ্পাঞ্জলিও দেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতির জন্য নিরাপত্তাও বাড়ানো ছিল সেখানে। সাধারণ মানুষজনও উপস্থিত হয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চোরবাগানের ঘটনার তদন্ত চলছে। অন্যান্য মণ্ডপগুলির নিরাপত্তাও নজরদারি চলছে। প্রতিবছর পুজোর সময় এলাকার ক্লাবের পুজোয় সামিল হয়ে তিনি আরতি করেন। এটা ব্যক্তিগত ব্যাপার। তেমনই জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, “আমি কমিউনিস্ট নই, নাস্তিক নই, জামাত নই। হিন্দুবাড়ির ছেলে, সনাতনী। প্রত্যেক বছর করি। এটা আজকে নতুন নয়।” তিনি আরও বলেন, “আমার বয়স এখন ৫৬ বছর। আমি এটা ৫০ বছর ধরে করছি। এটা সনাতনী হিসেবে আমার কর্তব্য। আমার আস্থার বিষয়। এটা ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রী বা পদের কোনও সম্পর্ক নেই।” শুধু তাই নয়, বামেদের প্রতিও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, “যারা লেকচার মারছে, কমিউনিস্টরা এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না। কপালে টিকা লাগায় না। এদের থেকে সাবধানে থাকবেন।”

Post a Comment

Previous Post Next Post