তারকা সমারোহে ইডেনে শুরু মহালয়ার মেগা ইভেন্ট, শারদোৎসবের আনন্দে ভাসল শহর



এবারের পুজো প্রতিবারের থেকে অনেকটা আলাদা। কারণ, মহালয়ায় মেগা ইভেন্টের আয়োজন করেছে বিজেপি সরকার। শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বোল, আদিবাসী নাচ ও লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয়ে গেল অনুষ্ঠান। ইতিমধ্যেই ইডেনে পৌঁছে গিয়েছেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ অন্যান্যরা। লাল শাড়িতে সেজে পৌঁছে গিয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। এদিকে রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। সব মিলিয়ে মহালয়ার বিকেলে উৎসবের আনন্দে ভাসল তিলোত্তমা।
শনিবার আলোকোজ্জ্বল রেড রোড ধরে খোলা জিপে ইডেনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আর এন রবির। তবে রেড রোড থেকে পায়ে হেঁটেই ইডেনের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। রাস্তার পাশে একেকটি জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, শিল্পকলা ও সেখানকার সংগীত-নৃত্য তুলে ধরা হয়েছে। ইডেনে অনুষ্ঠানের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন শো থেকে থ্রি ডি প্রজেকশন ম্যাপিং শোয়ের আয়োজন করা হয়েছে। তাতে ফুটে উঠবে মা দুর্গার আবাহন। এই অনুষ্ঠান ইডেন থেকে পৌঁছে যাবে প্রবাসেও। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের একসঙ্গে এই অনুষ্ঠান দেখতে পাবেন সেখানকার মানুষও। কলকাতার মূল অনুষ্ঠানের সঙ্গেই জেলায় জেলায় শুরু হয়ে যাবে উৎসব।
ইডেনে আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র। থাকবে বাংলা ব্যান্ড দোহার এবং শান্তনু মৈত্র ও তাঁর গ্রুপ। এছাড়াও যন্ত্রসঙ্গীতে দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যরা। গঙ্গার দুই পাড়কেও উৎসবের রঙে সাজিয়ে তোলার উদ্যোগ রয়েছে। গঙ্গা আরতির ব্যবস্থাও করা হয়েছে। এদিকে, ইডেনের এই মেগা অনুষ্ঠানের জন্য স্ট্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোডে রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকছে। 

Post a Comment

Previous Post Next Post