ইডেন গার্ডেন্সে মহালয়ার মেগা ইভেন্ট। চোখ ধাঁধানো আলোর খেলায় দুর্গতিনাশিনী দুর্গাকে দেখল মুগ্ধ তিলোত্তমা। আসর মাতালেন একের পর এক শিল্পীরা। নাচেগানে দুর্গোৎসবের আনন্দে মাতল শহর কলকাতা। বিজেপি সরকারের তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শাসনামলে বঙ্গে এটাই প্রথম দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই প্রত্যাশা রয়েছে প্রচুর। এদিনের অনুষ্ঠান সেই প্রত্যাশাকেই যেন পূরণ করে দিল।
এবারের পুজো প্রতিবারের থেকে অনেকটা আলাদা। কারণ, মহালয়ায় মেগা ইভেন্টের আয়োজন করেছে বিজেপি সরকার। শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বোল, আদিবাসী নাচ ও লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ইডেনে রয়েছেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ অন্যান্যরা। লাল শাড়িতে সেজে পৌঁছে গিয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। এদিকে রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। মঞ্চে রয়েছেন তসলিমা নাসরিনও। সব মিলিয়ে মহালয়ার উৎসবের আনন্দে ভাসল তিলোত্তমা। এরপর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে মহালয়ায় রেডিও থেকে শুরু করে দশমীতে সিঁদুর খেলা পর্যন্ত যাত্রাকে তুলে ধরা হয়। এরপর হাজার হাজার ড্রোনের মাধ্যমে হয় ড্রোন শো। ড্রোনের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় দুর্গতিনাশিনীকে। আকাশে ‘ফোটে’ পদ্মও।
ইডেনে আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র। পারফর্ম করেনশান্তনু মৈত্র ও তাঁর গ্রুপ। এছাড়াও যন্ত্রসঙ্গীতে দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যরা। এদিকে, ইডেনের এই মেগা অনুষ্ঠানের জন্য স্ট্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোডে রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকছে।