কলকাতা : মহালয়ার পর থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর মুখে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১২ এবং ১৩ অক্টোবর আবহাওয়া রোদ ঝলমলে থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৪ অক্টোবর বুধবার চতুর্থীর দিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ এবং ১৭ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীর দিন আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১৮ অক্টোবর ফের রোদ ঝলমলে থাকবে আবহাওয়া। আকাশ থাকবে পরিষ্কার। মেঘের প্রভাব থাকবে না। অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী পুজোর শুরুর আগে এবং পুজোর মধ্যেও হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই।