‘এলাকায় ঢুকতে নিতে হত অনুমতি’, ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক হুগলির সাংসদ রচনা



হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভার অন্তর্গত চন্দননগর। কিন্তু সেই এলাকায় যেতে পারতেন না খোদ সাংসদ! রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হওয়ার পর এবার মুখ খুললেন তৃণমূলত্যাগী রচনা। এলাকায় যেতে গেল প্রাক্তন মন্ত্রীর অনুমতি নিতে হত বলে দাবি করেছেন রচনা। শুধু তাই নয়, তাঁকে আমন্ত্রণ করার আগে ইন্দ্রনীলের অনুমতি নিতে হত বলেও জানিয়েছেন তিনি। তবে শিল্পী ইন্দ্রনীল গায়ক হিসাবে ভালো ছিলেন বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।
চন্দননগর পুলিশের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপিআইয়ে যোগ দেওয়া রচনা। সেখানে তিনি জানান, রাজনীতির প্রাঙ্গণে পা দেওয়ার পর প্রথম এই ধরণের অনুষ্ঠানে যোগ দিলেন। কিন্তু তিনি তো সাংসদ হয়েছেন ২০২৪ সালে। পেরিয়েছে দু’বছর। একবারও কোনও অনুষ্ঠানে যাননি? সেই নীরবতা নিজেই ভেঙেছেন রচনা।

ইন্দ্রনীলের প্রসঙ্গ তুলে জানান, তৃণমূলে থাকার সময় তিনি চন্দননগর বিধানসভার তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীলের অনুমতি ছাড়া এলাকায় প্রবেশ করতে পারতেন না। নিতে হত অনুমতি। তিনি বলেন, “একই দলের সাংসদ থাকলেও ইন্দ্রনীলের সঙ্গে সেইভাবে কাজ করা হয়নি। ওঁর বিধানসভা এলাকায় কোনও অনুষ্ঠানে যেতে হলে অনুমতি নিয়েই যেতে হত। এমনকী কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে ইন্দ্রনীলের অনুমতি নিতে হত। দলের কর্মীরাই এ বিষয়টি আমাকে জানিয়েছিলেন।”

প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে বিশেষ কিছু বলতে রাজি হননি তিনি। রচনা বলেন, “আমি এখন অন্য দলের সাংসদ। তাই বিগত দলের নেতাকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আইন বিষয় নিয়ে আদালতে রায় চূড়ান্ত। ইন্দ্রনীল সেন যখন গায়ক ছিলেন তাঁর অনেক ক্যাসেট বিক্রি হয়েছে। শিল্পী ইন্দ্রনীল গায়ক হিসেবে ভালো ছিলেন।”

Post a Comment

Previous Post Next Post