দ্বারকেশ্বরের উপর নির্মিত হবে নয়া ফোর লেন সেতু



আরামবাগে দ্বারকেশ্বরের উপরে নির্মিত হতে চলেছে নতুন ফোর লেন সেতু। সেতু নির্মাণের জন্য কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যাবতীয় সবুজ সঙ্কেত মিলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি কেন্দ্রীয় সেতুবন্ধন প্রকল্প থেকে এই অর্থ অনুমোদন করেছেন। সেই অর্থ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের তহবিলে স্থানান্তরিত হয়ে গিয়েছে বলে খবর।

এর ফলে, আরামবাগ মহকুমার দীর্ঘদিনের যান চলাচলের সমস্যার সমাধানের আশায় খুশির হাওয়া মহকুমা জুড়ে। আরামবাগের উপর দিয়ে যাওয়া দক্ষিণবঙ্গের প্রায় ছ’সাতটি জেলার দূরপাল্লার বাস, ভারী যান পরিবহণের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

আরামবাগ তথা দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই রামকৃষ্ণ সেতু। উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অগাস্ট সেতুটির একাংশ ভেঙে পড়ার পর থেকেই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বসানো হয় হাইট বারও। ফলে, প্রয়োজনীয় ভারী যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। বেশ কিছু দিন ধরে ছ’সাতটি জেলার দূরপাল্লার বাস ও স্থানীয় শতাধিক রুটের বাস চলাচলও বন্ধ রাখা হয়। কাটা সার্ভিসেই যাতায়াত করতে হয়েছিল নিত্যযাত্রীদের। নাকাল হতে হয় তাঁদের। এর পরেই নতুন সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

তবে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরেই আরামবাগের রামকৃষ্ণ সেতুর পাশে আরও একটি ফোর লেন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সেতু নির্মাণের কাজ হলে প্রকল্পের ব্যয় অনেকটাই বাড়তে পারে। সেই কারণে সেতু নির্মাণের সম্পূর্ণ পরিকল্পনা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। এর পরেই কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি সমাজমাধ্যমে একটি পোস্ট করে আরামবাগে দ্বারকেশ্বরের উপরে নতুন ফোর লেনের সেতু নির্মাণের জন্য ৩৭৫.৭৮ কোটি টাকা বরাদ্দের কথা জানান ও তার অনুমোদনও করে দেন।

নিত্যযাত্রীরা জানান, রামকৃষ্ণ সেতুটি দীর্ঘদিনের। প্রায় ৭০ বছরের পুরোনো এই সেতুর স্বাস্থ্যের হালও খারাপ। বারবার মেরামতির পরেও বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছিল। তাই বিকল্প সেতু নির্মাণের দাবি ওঠে। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, ‘আমরা সব সময়ে আরামবাগকে জেলা করার দাবি জানিয়ে এসেছি। দ্বিতীয় দাবি ছিল, এই নতুন রামকৃষ্ণ সেতু।

অনেক লড়াই, অনেক পরিশ্রমের পরে আজ এই অনুমোদন মিলেছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই।’ তিনি জানান, নতুন সেতুটি পুরোনো রামকৃষ্ণ সেতু থেকে ২৫ মিটার দূরে, রেলব্রিজ এবং পুরোনো সেতুর মাঝে নির্মাণ করা হবে। নবতম দ্বিতীয় রামকৃষ্ণ সেতুর দৈর্ঘ্য হবে ৩৮৪ মিটার ও প্রস্থ হবে ২৭ মিটার। এর দু’দিকে থাকবে অ্যাপ্রোচ রোড। ইতিমধ্যেই তিনবার সয়েল টেস্ট এবং ডিপিআর–এর কাজ সম্পূর্ণ হয়েছে।

Post a Comment

Previous Post Next Post