চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?



কলকাতা: ভারতের স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat - PM-JAY)। এই প্রকল্পে প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ পাবেন। আর এই প্রকল্প নিয়ে ফের নতুন সিধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাকে আরও সহজ ও নাগালের মধ্যে আনতে এবার একটি বড় সিদ্ধান্ত নিতে চলছে সরকার। এই প্রকল্পের আওতাভুক্ত রোগীরা শীঘ্রই আরও বেশি চিকিৎসা এবং অস্ত্রোপচারের সুবিধা পেতে পারেন। কারণ, সরকার এই প্রকল্পের অধীনে জনস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য সংরক্ষিত প্যাকেজ ২৩টি থেকে বাড়িয়ে ১১২টি করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ আরও অতিরিক্ত ৮৯টি প্যাকেজ যুক্ত করা হল। এখন প্রশ্ন, তবে কোন কোন রোগের চিকিৎসা হবে এই প্রকল্পের অধীনে?
এই নতুন প্যাকেজগুলিতে রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, মূত্রনালীর সংক্রমণ এবং ডায়াবেটিস-সম্পর্কিত অসুস্থতার চিকিৎসা অন্তর্ভুক্ত থাকবে। সরকারের এই প্রস্তাবে শুধু রোগীর রোগের চিকিৎসাই নয়, পাশাপাশি বিভিন্ন রোগের অস্ত্রোপচার এবং চক্ষু পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে। নতুন প্যাকেজে চোখের স্বাস্থ্য পরীক্ষার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একটি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং অন্যটি, গ্লুকোমা শনাক্তকরণ। হিস্টেরেক্টমি অস্ত্রোপচার, অর্শ, হাইড্রোসিল, পিণ্ড এবং সিস্টের চিকিৎসাও এর মধ্যে পড়ছে।
ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) ৮৯টি অতিরিক্ত স্বাস্থ্য প্যাকেজ যুক্ত করার প্রকল্পনা করছে। এগুলোর মূল লক্ষ্য হল, সরকারি হাসপাতালেই যাতে সাধারণ মানুষের চিকিৎসা ও অস্ত্রোপচার করা যায়। অর্থাৎ, যে সব রোগের জন্য রোগীদের প্রায়শই বড় হাসপাতাল বা অন্য শহরে যেতে হয়, তাঁদের যাতে নিজেদের রাজ্যেই চিকিৎসা করান যায়, সেই জন্যই এই ভাবনা। সব ঠিক থাকলে ১ ডিসেম্বর থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ১১২টি চিকিৎসার প্যাকেজের সুবিধা মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালেই।                        

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে সরকারি হাসপাতালগুলোর জন্য মোট ২৩টি নির্দিষ্ট চিকিৎসার প্যাকেজ নির্ধারিত ছিল। সেগুলির মধ্যে মূলত স্ত্রীরোগ, প্রসূতি চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ৮৯টি। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA) এই বিষয় নিয়ে রাজ্যগুলির মতামত চেয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাজ্যগুলিকে তাদের নিজেদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post