বর্ষা বিদায় নিয়েছে। জোড়া ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই তাপমাত্রার পতন অনুভূত হচ্ছে।
তবে বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই নেই এখনই। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
কালীপুজোয় মোটের ওপর শুকনো আবহাওয়া রাজ্যের সর্বত্র। তবে শীতের আগে ফের এক দফা বৃষ্টির আশঙ্কা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল, মঙ্গলবার রাজ্যের সর্বত্র শুকনোই থাকবে আবহাওয়া। তবে বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটবে।উত্তর ও দক্ষিণবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গের তিন জেলা - দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিণবঙ্গের পাঁচ জেলা - উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।বৃহস্পতিবার থেকে অবশ্য বৃষ্টির আশঙ্কা নেই। আংশিক মেঘলা থাকবে আকাশ।বৃষ্টি থামলেই পারদ পতন হবে। শীতের আমেজ অনুভূত হতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।