কলকাতা : বিজেপি থেকে তৃণমূল হয়ে এবার কংগ্রেসে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কার্শিয়ঙের বিধায়ক। পালাবদলের পরে এবার কংগ্রেসে প্রাক্তন বিধায়ক।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "আমাদের কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন বিধায়ক। তাঁর আগের পরিচয় আজ থেকে আলোচনার বিষয় নয়। তিনি আজ থেকে কংগ্রেসের আদর্শ-নীতিতে উদ্বুদ্ধ হয়ে, রাহুল গান্ধীর যে আপসহীন লড়াই সেই লড়াইয়ে শামিল হলেন।" বিষ্ণুপ্রসাদ বলেন, "আজ অবধি গোর্খাকে যা কিছু দিয়েছে কংগ্রেস। ডিজিএইচসি কে দিয়েছে ? কংগ্রেস। জিটিএ কে দিয়েছে ? কংগ্রেস। নেপালি ভাষাকে মান্যতা কে দিয়েছে ? কংগ্রেস। যা কিছু দিয়েছে কংগ্রেস। বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এই লড়াইটা যা আছে...শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আর যে প্রাক্টিক্যালি কাজ করে তাদের মধ্যে। তাই প্রাক্টিক্যালি যে পার্টি কাজ করে আমি তার সঙ্গে আছি। আমি বিশ্বাস করব, আমাদের যে আইডেন্টিটির সমস্যা আছে, সেটা কংগ্রেস সমাধান করবে।"
গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এর আগে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, আর বিজেপির হয়ে দাঁড়াবেন না। এবিপি আনন্দ-র তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপির সঙ্গে আর সম্পর্ক নেই ? উত্তরে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছিলেন, "আমি যখন বিজেপিতে গেলাম, চিঠি দিয়ে গেলাম না। এখনও চিঠি দেওয়ার দরকার আমি মনে করি না। বিজেপির যদি বুকে দম থাকত, আমাকে বের করে দিত পার্টি থেকে। কেন করল না ? বিষ্ণু শর্মা মানে একটা প্রশ্ন। জ্বলন্ত প্রশ্ন বিজেপির জন্য়। প্রশ্নর সামনে বিজেপি দাঁড়াতে পারে না।"