হাওড়ার স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে একগুচ্ছ উদ্যোগ, কী জানালেন রাজ্যের মন্ত্রী?



হাওড়ার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে চিলড্রেন’স হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণ করে বেডের সংখ্যা বাড়ানো, হাওড়া জেনারেল হাসপাতালের নতুন বিল্ডিং চালু করা এবং দক্ষিণ হাওড়া জেনারেল হাসপাতালের পরিষেবার মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার হাওড়া চিলড্রেন’স হাসপাতালের একটি অনুষ্ঠানে এসে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি বলেন, ‘রেড ক্রস সোসাইটির এই প্রাঙ্গণে আগে অত্যন্ত ভালো ভাবে হাওড়া চিলড্রেন’স হাসপাতাল চলত। কিন্তু রাজনৈতিক টানাপড়েনের কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। নতুন সরকার গঠনের পর জেলা প্রশাসকের উদ্যোগে নতুন কমিটি তৈরি করে হাসপাতালটি পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে। পরিকাঠামো সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার থেকে নতুন করে পরিষেবা শুরু হয়েছে।’

মন্ত্রী জানান, শিশুদের জন্মের পর থেকেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে সিজারিয়ান প্রসবের পরে অনেক নবজাতকের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপ বেশি থাকায় অনেক সময়ে বিকল্প চিকিৎসাকেন্দ্রের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, এলাকার শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় হাসপাতালটি পরিচালিত হবে। আর্থিক ভাবে দুর্বল পরিবারের শিশুদেরও যাতে স্বল্প খরচে উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য হাওড়ায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই অর্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে। হাওড়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ অতিরিক্ত বেড়ে গেলে এই চিলড্রেন’স হাসপাতালকে বিকল্প চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। বেসরকারি হাসপাতালে সদ্যোজাতদের চিকিৎসার খরচ অনেক সময়ে সাধারণ পরিবারের নাগালের বাইরে চলে যায়। তাই এই হাসপাতালে স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।

সম্প্রতি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল হাওড়ায় এসে পুরনিগমের অধীনে ন’টি স্বাস্থ্যকেন্দ্র নতুন করে চালু করেছেন। শহরের হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, হাওড়া জেনারেল হাসপাতালের নতুন ভবনটি খুব শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনার উন্নতির জন্য নতুন এজেন্সি নিয়োগ করা হবে। একইভাবে দক্ষিণ হাওড়া জেনারেল হাসপাতালের পরিষেবার মানও উন্নত করা হবে।

Post a Comment

Previous Post Next Post