রবিবার ছুটির দিন এই ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতার চোরবাগানের ঘটনার কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এ দিন সন্ধ্যা নামার পর থেকেই আলোর রোশনাইয়ের সঙ্গে মণ্ডপে মণ্ডপে পাল্লা দিয়ে বেড়েছে কালো মাথার ভিড়। চন্দননগরের স্ট্যান্ড ঘাটে এ বারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে এলইডি, রোপ লাইট, ফোকাস ও হাইমাস আলোর প্রদর্শনী হচ্ছে। তা দেখে মুগ্ধ হচ্ছেন দশনার্থীরা। এ ছাড়া রয়েছে ছাতা লাইট, দেবদেবীর প্রতিমা এবং ছোটদের মিকি মাউস। নজরদারির জন্য বিভিন্ন পুজো মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি। মণ্ডপে ঢোকা ও বেরোনোর রাস্তায় সর্বক্ষণ নজর রাখছে পুলিশ। সন্তান সঙ্ঘ, দৈবক পাড়া, উর্দি বাজার, বাগবাজার, আদি মা, বড়বাজারের মতো গুরুত্বপূর্ণ বারোয়ারি মণ্ডপে রয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থা।
আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী, কমব্যাট ফোর্স, সিভিক ভলান্টিয়ার, ট্র্যাফিক পুলিশ, দমকল ও স্বাস্থ্যকর্মীদের নামানো হয়েছে। পূর্ত দপ্তরের উদ্যোগে ৮টি সেবা শিবির, ৪৫টি পানীয় জলের কিয়স্ক, ১০টি দমকলের ইঞ্জিন ছাড়াও দেড় হাজার সিভিক ভলান্টিয়ার এবং ১ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পুজোর ভিড় নিয়ন্ত্রণে দুপুর দু'টো থেকে জিটি রোড-সহ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো, অটো চলাচল বন্ধ রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য দিল্লি রোড ও গুরুত্বপূর্ণ রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আদি হালদার পাড়ায় ঠাকুর দেখতে এসেছিলেন মলিনা দাস। তিনি বলেন, 'ছেলে আমাকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছে। গঙ্গার ধারে স্ট্যান্ডে দারুণ আলোকসজ্জায় মন ভরে গিয়েছে। গোটা শহর যেন আলোয় ভাসছে।' চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মোবাইলে একটা ক্লিক করেই সবাই দেখতে পাবেন, কোথায়, কোন পুজো হচ্ছে। কী ভাবে যাবেন। তার ফলে দর্শনার্থীদের মণ্ডপে পৌঁছতে সুবিধে হচ্ছে।
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান নিমাইচন্দ্র দাস বলেন, 'চন্দননগরের জগদ্ধাত্রী পুজো গোটা রাজ্য ও দেশবাসীর কাছে একটা আবেগ। রাজ্য সরকার সেই আবেগের যথাযথ মর্যাদা দিয়েছে।'