চোরবাগান থেকে শিক্ষা নেওয়ার উপদেশ, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর



চন্দননগর: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার চন্দননগরের মেরির মাঠে জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধনী অনুষ্ঠানে পুরোনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘যখন কলেজে পড়তাম, তখন চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি। চন্দননগর রাসবিহারী বসু, মতিলাল রায়, কানাইলাল রায়, চারুচন্দ্র রায়ের জন্মভূমি। তাই চন্দননগর শহরকে আমি হেরিটেজ নগর বলে মনে করি।’ চন্দননগরবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে আমরা এ বার একটু অন্যমাত্রা দেওয়ার চেষ্টা করেছি। যদিও মাত্র ছয় মাসের সরকারের পক্ষে সবটা মনের মতো করে করার সময় আমরা পাইনি। আমরা মনে করি, চন্দননগরের যে শত শত বছরের ঐতিহ্য রয়েছে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে, সেটা ফিরিয়ে দিতে পারব।’চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে চন্দননগরের পুজো কমিটির কর্তাদের আরও একবার সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যে ভাবে দুর্গাপুজো, কালীপুজো হয়েছে, ঠিক সে ভাবেই জগদ্ধাত্রী ও ছটপুজোর ব্যবস্থাপক, স্বেচ্ছাসেবক, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের ব্যাক্তিবর্গ, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে সমন্বয় রক্ষা করবেন। আমরা মনে করি, সরকারের দায়িত্ব সমস্ত ধর্মীয় উৎসবকে ত্রুটি মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারাই ঠিক করবেন উৎসব নিরাপদ ও ত্রুটিমুক্ত থাকবে কি না। আমি শুধু একটা কথাই বলব, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং সাধারণ দর্শনার্থী, আপনারা সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন, যাতে কোনও ভাবেই একটাও বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। আমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায়।’

রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এ বছর চন্দননগরে ৪২৭টি বারোয়ারি এবং ৪২টি পারিবারিক পুজো হচ্ছে। নভেম্বরের ১৩–২০ তারিখ পর্যন্ত চন্দননগরে জগদ্ধাত্রী উৎসব পালিত হবে। ভদ্রেশ্বর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য রাজ্য সরকার এ বার সাড়ে তিন কোটি টাকা ব্যায় করেছে। এ বারই প্রথম রাজ্য সরকার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘স্টেট ফেস্টিভাল’ হিসেবে ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী এ দিন লক্ষ্মীবাজার আদি মা জগদ্ধাত্রী, সার্কাস ময়দান–সহ চন্দননগরের একাধিক জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেরির মাঠে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ–সহ জেলার সমস্ত বিধায়ক, জেলাশাসক খুরশিদ আলি কাদরি ও পুলিশ কমিশনার সুনীল যাদব।

Post a Comment

Previous Post Next Post