অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় আসার পর কালীঘাট তৃণমূলের অনেক সমর্থকও চলে আসেন। তাঁরা স্লোগান দিতে শুরু করেন। এরপর দেখা যায়, উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ কালীঘাট তৃণমূলের সমর্থকদের কার্যত ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিচ্ছেন। এনিয়ে স্কটিশ চার্চ কলেজের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এক মহিলাকে ডিম ছোড়া হয়। জনা ২০-২৫ কালীঘাট তৃণমূলের সমর্থক এসেছিলেন। বিজেপি কর্মী-সমর্থকরা কার্যত তাঁদের ঘিরে ধরেন। এক মহিলাকে 'চোর' বলে তাড়া করতে দেখা যায় অনেককে। গাড়ি নিয়ে কোনওভাবে পালিয়ে যান ওই মহিলা। তাঁর বিরুদ্ধে ওঠে চোর স্লোগানও।
এই ঘটনা নিয়ে এক বিক্ষোভকারী বলেন, "চোরগুলো আবার অভিষেকের দালালি করতে এসেছিল। সাধারণ জনগণ নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। কালীঘাট-পন্থী, অভিষেক-তৃণমূলের যারা এসেছিলেন, যারা ভেবেছিলেন ওখানে আবার পুলিশকে ধমকাবেন-চমকাবেন, সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন...এই সরকারটা সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে এই সরকার এনেছেন। তাই কোনও দাদা-দিদি-পিসি-ভাইপোর দালালি-গুন্ডামি আর চলবে না।"
এক মহিলা বিক্ষোভকারী বলেন, "এখানে যতগুলো দালাল এসেছেন, সব শুভেন্দু অধিকারীকে গালাগালি করতে এসেছেন। আমাদের CM-কে গালাগালি করবে কেন ? আমাদের মুখ্যমন্ত্রীকে গালাগালি করা চলবে না এখানে, আমরা কাউকে ছেড়ে কথা বলব না।"
অপর এক মহিলা বিক্ষোভকারী বলেন, "এত দুর্নীতি-এত কিছু করে ওরা শান্তি পায়নি ? জনতার টাকা লুঠ করে শান্তি পায়নি ? ওদের অত্যাচারে বাধ্য হয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে এনেছি। মুখ্যমন্ত্রীকে এখানে গালি দিতে এসেছেন ? আমরা গালাগালি শুনব না।"